এস এম আলম, ২০ অক্টোবর: তত্ত্বাবধায়ক সরকারকে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন বিএনপি সহ সব দল এই সরকারকে সমর্থন জানিয়েছে। বিকেলে বেড়া উপজেলার জয়নগর ঈদগাহ মাঠ প্রাঙ্গনে জেলা বিএনপি প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মির্জা আব্দুল আউয়ালের ৩৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। তিনি বলেন , লুটেরা, ব্যাংক ডাকাত ও টাকা পাচারকারীদের এমপি বানিয়ে আওয়ামী লীগ দেশের রাজনীতিকে কুলষিত করেছে। জেলা বিএনপির আহবায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। পরে মরহুম মির্জা আব্দুল আউয়াল এর আত্মার মাগফেরাত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দেশবাসীর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

