এস এম আলম, ৮ মে:পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক বিশেষ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহত ‘সি’ ক্যাটাগরির ৭৯ জন যোদ্ধাকে আর্থিক অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মফিজুল ইসলাম। জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত যোদ্ধাদের হাতে তিনি অনুদানের চেক তুলে দেন। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী আহত যোদ্ধারা আমাদের জাতির গর্ব এবং প্রকৃত দেশপ্রেমিক। পাবনা জেলা প্রশাসন সর্বদা তাদের পাশে থাকবে এবং ভবিষ্যতেও তাদের কল্যাণে প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করবে।” এর আগে ‘এ’ ক্যাটাগরির ১ জন যোদ্ধাকে ২ লক্ষ টাকা এবং ‘বি’ ক্যাটাগরির ১২ জন যোদ্ধাকে জন প্রতি ১ লক্ষ টাকা করে মোট ১২ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে। আজকের এই অনুষ্ঠান ছিল মূলত ‘সি’ ক্যাটাগরির যোদ্ধাদের সম্মানে নিবেদিত। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। অংশগ্রহণকারী যোদ্ধারা তাঁদের অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করেন এবং দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিবেদিত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।



