এস এম আলম, ১ সেপ্টেম্বর: শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম আবির্ভাব তিথি ও ভাগীরথী পদ্মায় পুণ্য স্নান মহোৎসব রোববার থেকে শুরু হয়েছে। চলবে আজ পর্যন্ত। রবিবার প্রভাতে সমবেত প্রার্থনার মধ্য দিয়ে হিমাইতপুরে আশ্রম প্রাঙ্গনে দুই দিন ব্যাপী এই উৎসবের শুভ সূচনা হয়। মহোৎসব উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে ভক্তবৃন্দ সমবেত হয়েছেন। প্রথমদিনে সন্ধ্যায় ধর্মীয় কল্যাণ ট্রাস্ট পাবনা, সিরাজগঞ্জ ও বগুড়া জেলার ট্রাস্টি এ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মহোৎসবের উদ্বোধন ঘোষণা করেন। পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা ইসলামীয়া মাদ্রাসা, দারুল আমান ট্রাস্টের অধ্যক্ষ ইকবাল হোসেন। সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শ্রী প্রাণশঙ্কর দাস (স.প্র.ঋ.) এর সভাপতিত্বে অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির সাধারণ স¤পাদক শ্রী তাপস চন্দ্র বর্মন। এছাড়াও ভক্তীমূলক সংগীত, রামায়নগান সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। আয়োজকরা জানান, দুই দিন ব্যাপী মহোৎসবে ধর্মসভার পাশাপাশি ঊষালগ্নে মঙ্গলিকী, তারকব্রহ্ম নাম সঙ্কীর্তন, সকাল-সন্ধ্যা বিরতিহীন নাম-ধ্যান, প্রভাতে এবং সন্ধ্যায় সমবেত প্রার্থনা, সদ্গ্রন্থাদি পাঠ, ভক্তি সংগীত, শুভ অধিবাস, বিশ্বকল্যাণে বিশেষ প্রার্থনা, পুরুষোত্তমের শুভ সপ্তত্রিংশতী-উত্তর শততম জন্মলগ্নের স্মৃতিচারণ, (পুরুষোত্তমের দিব্য তনু স্মরণে ৮১ বার পুষ্পাঞ্জলি, প্রদীপ প্রজ্জ্বলন, শঙ্খধ্বনি, পুরুষোত্তম প্রণাম ও অর্ঘ্যাঞ্জলি নিবেদন, জাতীয় সঙ্গীত সহযোগে জাতীয় পতাকা ও মাতৃবন্দনা সহযোগে সৎসঙ্গ পতাকা উত্তোলন), শ্রীঅনুকূলনবমী তিথি (তালনবমী) যোগে পুন্যতোয়া ভাগীরথী পদ্মার তীর্থ-সলিলে স্নান-মহোৎসব, শ্রীশ্রীঠাকুরের জন্মস্থান প্রদক্ষিণ, ঋত্বিক পরিষদ সভা, যুব সম্মেলন, ঋত্বিক সম্মেলন, কিশোরমেলা, মাতৃসম্মেলন, কর্মীসম্মেলন, আন্দোবাজারে মহাপ্রসাদ বিতরণ ও রাতে লোকরঞ্জন অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হবে।



