Homeখেলাধুলা৭ পয়েন্টের ব্যবধান তৈরি করলো আর্সেনাল

৭ পয়েন্টের ব্যবধান তৈরি করলো আর্সেনাল

প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের দৌড়ে বড় একটি ধাপ এগিয়ে গেল আর্সেনাল। অ্যামেক্স স্টেডিয়ামে ব্রাইটনের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ৭ পয়েন্টের ব্যবধান তৈরি করেছে মিকেল আর্তেতার দল। বুকোয়ো সাকার প্রথমার্ধের একমাত্র গোলই হয়ে ওঠে ম্যাচের ফল নির্ধারক।শিরোপা লড়াইয়ের প্রেক্ষাপটে ম্যাচটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে একই রাতে ম্যানচেস্টার সিটি পয়েন্ট হারানোয় আর্সেনালের সামনে সুযোগ ছিল ব্যবধান বাড়ানোর। ৩০ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৬৭, ২৯ ম্যাচে ম্যানসিটির পয়েন্ট ৬০।তবে জয় পেলেও নিজেদের সেরা ছন্দে ছিল না লন্ডনের ক্লাবটি। আক্রমণে ধীরগতি, পাসিংয়ে অসতর্কতা এবং মাঝমাঠে ব্রাইটনকে অতিরিক্ত জায়গা দেওয়ায় বেশ কয়েকবার চাপে পড়ে তারা।ম্যাচের শুরুতেই বড় ভুল করতে যাচ্ছিল আর্সেনাল। দ্বিতীয় মিনিটে গোলরক্ষক ডেভিড রায়া অসাবধানতাবশত বল তুলে দেন কার্লোস বালেবার পায়ে। তিনি লব করে শট নিলেও গ্যাব্রিয়েল মাগালায়েসের ক্ষিপ্রতায় বিপদ এড়ায় সফরকারীরা।নবম মিনিটে আসে ম্যাচের একমাত্র গোল। মাঝমাঠে বল হারানোর পর ব্রাইটনের বাম দিক দিয়ে আক্রমণ গড়ে তোলে আর্সেনাল। জুরিয়েন টিম্বারের পাস পেয়ে ভেতরে কেটে শট নেন সাকা। শটটি সরাসরি গোলরক্ষক বার্ট ভারব্রুগেনের দিকেই যাচ্ছিল, তবে সামান্য ডিফ্লেকশনে তিনি বিভ্রান্ত হন এবং বল তার পায়ের ফাঁক গলে জালে জড়িয়ে যায়। এটি ছিল আর্সেনালের জার্সিতে সাকার ৩০০তম ম্যাচ, আর অ্যামেক্সে টানা তৃতীয় ম্যাচে তার গোল।

গোলের পর থেকেই ম্যাচে দাপট দেখাতে থাকে ব্রাইটন। কাওরু মিতোমা ও জর্জিনিও রুটারের শট ব্লক করে বিপদ সামলায় আর্সেনাল রক্ষণভাগ। ইনজুরির কারণে উইলিয়াম সালিবা ও মার্টিন ওডেগার্ডের অনুপস্থিতিতে রক্ষণ সামলাতে বেশ বেগ পেতে হয় অতিথিদের।প্রথমার্ধের শেষ দিকে মার্টিন জুবিমেন্দির গোড়ালিতে চোট লাগে। দীর্ঘ সময় চিকিৎসা নেওয়ার পর তিনি মাঠে ফেরেন, যা আর্তেতার জন্য স্বস্তির খবর ছিল।দ্বিতীয়ার্ধেও আক্রমণে বেশি ধারালো ছিল ব্রাইটন। রুটারের শট এক হাতে ঠেকান রায়া। এরপর সময়ক্ষেপণের অভিযোগে দর্শকদের ক্ষোভ বাড়তে থাকে, বিশেষ করে ফ্রি-কিক ও থ্রো-ইন নেওয়ার সময় আর্সেনালের ধীরগতির কারণে।

ম্যাচের শেষ দিকে ব্রাইটনের কাছে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ আসে। বক্সের ভেতরে ফাঁকা জায়গায় হেড নেওয়ার সুযোগ পান ম্যাটস উইফার; কিন্তু তার দুর্বল হেড সরাসরি রায়ার হাতে জমা পড়ে।শেষ পর্যন্ত ধৈর্য ও দৃঢ়তায় ভর করে লিড ধরে রাখে আর্সেনাল। এটি তাদের টানা তৃতীয় লিগ জয়। পারফরম্যান্স ঝকঝকে না হলেও তিন পয়েন্টই এখন সবচেয়ে বড় বিষয়। শিরোপা দৌড়ে প্রতিটি ম্যাচই যেখানে ফাইনালের মতো, সেখানে অ্যামেক্সের এই জয় আর্সেনালের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments