মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা ও হোয়াইট হাউজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পপতারকা টেইলর সুইফটের গান সরিয়ে নেওয়া হয়েছে। গত এক সপ্তাহে ট্রাম্পের প্রচারণা ও হোয়াইট হাউজের বিভিন্ন ভিডিওতে সুইফটের দুটি গান ব্যবহারের পর সেগুলো নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।টেইলর সুইফট সাম্প্রতিক সময়ে ট্রাম্পকে নিয়ে নতুন কোনো মন্তব্য করেননি। তবে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ও তৎকালীন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন করেছিলেন। এর আগে ২০২০ সালের নির্বাচনী প্রচারণার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের সমালোচনা করে সুইফট বলেছিলেন, ট্রাম্প ভালোভাবেই জানেন যে তারা তাকে প্রেসিডেন্ট হিসেবে চান না।সুইফটের সঙ্গে ট্রাম্পের বিরোধও পুরোনো। হ্যারিসকে সমর্থন করার পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, আমি টেলর সুইফটকে ঘৃণা করি।গত এক সপ্তাহে ট্রাম্পের প্রচারণা টিম তাদের টিকটক অ্যাকাউন্টে সুইফটের দুটি গান ব্যবহার করে ভিডিও প্রকাশ করেছিল। এর একটি ভিডিওতে সুইফটের গানের শিরোনাম ও কথার সঙ্গে মিল রেখে ট্রাম্পের রাজনৈতিক বার্তা তুলে ধরা হয়।ভিডিওতে হোয়াইট হাউজে শিশুদের সঙ্গে ট্রাম্পের সময় কাটানো, একটি ইউএফসি ম্যাচে তার নাচ এবং নির্বাচনী সমাবেশের বিভিন্ন দৃশ্য দেখানো হয়।সাম্প্রতিক ঘটনাটি ট্রাম্প প্রশাসন বা তার প্রচারণায় সুইফটের গান ব্যবহারের প্রথম ঘটনা নয়।
এপ্রিল মাসে হোয়াইট হাউজ একটি ভিডিও প্রকাশ করেছিল, যেখানে আর্টেমিস-২ মিশনের সদস্যদের ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউজে সাক্ষাতের দৃশ্য দেখানো হয়। ওই ভিডিওতে সুইফটের ‘High Infidelity’ গান ব্যবহার করা হয়েছিল। গানের একটি লাইনও ভিডিওতে তুলে ধরা হয়।এর আগে নভেম্বরে হোয়াইট হাউজের একটি টিকটক ভিডিওতে সুইফটের ‘The Fate of Ophelia’ গান ব্যবহার করা হয়। গানটি তার ‘The Life of a Showgirl’ অ্যালবামের অংশ, যা ওই ভিডিও প্রকাশের আগের মাসে মুক্তি পেয়েছিল।ভিডিওটিতে যুক্তরাষ্ট্রের পতাকা, বিভিন্ন স্মৃতিসৌধ এবং ট্রাম্পের বেশ কিছু ছবি ছিল। এর মধ্যে ২০২৩ সালে গ্রেফতারের সময় তোলা ট্রাম্পের মাগশটও ছিল।ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক প্রচারণায় জনপ্রিয় শিল্পীদের গান ব্যবহারের বিষয়টি নিয়ে আগে থেকেই বিতর্ক রয়েছে। সুইফট ছাড়াও সাবরিনা কার্পেন্টার, আরিয়ানা গ্রান্ডেসহ কয়েক ডজন শিল্পী ট্রাম্প প্রশাসনকে তাদের গান ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন।ট্রাম্পের যোগাযোগ দল সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। তাদের বিভিন্ন পোস্টে জনপ্রিয় গান ব্যবহার করে ট্রাম্পের অভিবাসনবিরোধী অভিযান, ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান এবং ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেপ্তারের মতো বিষয় তুলে ধরা হয়েছে।তবে টেলর সুইফটের গান ব্যবহারের পর সেগুলো আবার পোস্ট থেকে সরিয়ে নেওয়ার ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে—শিল্পীর অনুমতি, রাজনৈতিক প্রচারণায় গানের ব্যবহার এবং কপিরাইট নিয়ে কি কোনো আপত্তি তৈরি হয়েছিল?এ বিষয়ে হোয়াইট হাউজ বা সুইফটের পক্ষ থেকে এখনো কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি।
সুত্র: রয়টার্স
