Homeজেলা সংবাদপাবনায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

পাবনায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

এস এম আলম, ২৬ আগস্ট: সারা দেশের ন্যায় পাবনাতেও যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শের ওপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবু আশ্রাফ, জেলা পরিষদের প্রশাসক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জমান, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম সহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার গাজী মো: দিদারুল ইসলাম। আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ। তাঁর জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়, সাম্য, শান্তি, মানবতা ও সম্প্রীতির চর্চা করতে হবে। মহানবীর আদর্শ অনুসরণ করলেই একটি সুন্দর, শান্তিপূর্ণ ও কল্যাণময় সমাজ প্রতিষ্ঠা সম্ভব।আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উল্লেখ্য, পবিত্র রবিউল আউয়াল মাসের ১২ তারিখে মক্কার সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলোকিত করে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। তাঁর জন্ম ও জীবন মানবজাতির জন্য শান্তি, ন্যায় ও মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments