এস এম আলম, ১৬ সেপ্টেম্বর: বেসামরিক প্রশাসনে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী ও গুরুতরভাবে আহত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সকালে পাবনা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের প্রশাসক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইয়াসমিন মনিরা, বাংলা টিভির জেলা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা নতুন চোখের প্রকাশক এস এম আলম সহ অনেকে। অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারি দায়িত্ব পালনকালে কোনো কর্মকর্তা-কর্মচারীর মৃত্যু কিংবা গুরুতর আহত হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। তাঁদের পরিবারের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনের সময়ে সরকারি সহায়তা প্রদান রাষ্ট্রের দায়িত্বের অংশ। এ ধরনের আর্থিক অনুদান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছুটা হলেও সহায়ক হবে। অনুষ্ঠানে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী ১৩ জন কর্মকর্তা-কর্মচারীর স্বজনদের প্রত্যেকের হাতে ৮ লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।




