উত্তর কোরিয়ার বিপক্ষে ১০ গোলে হারার পর এশিয়ান গেমসের নারী ফুটবলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬-০ গোলে হারলো বাংলাদেশ। আন্তর্জাতিক নারী ফুটবলে প্রথমবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ ৬ পরিবর্তন এনে। একাদশে ফেরানো হয় ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, রূপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার ও শামসুন্নাহার জুনিয়রকে। কিন্তু তাতেও ফল নিজেদের পক্ষে আনা যায়নি।জাপানের ওসাকার ইয়ামার স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথমার্ধের খেলায় ২ গোল হজম করার পর দ্বিতীয়ার্ধে হজম করেছে আরও ৪টি।পুরো ম্যাচের ৭৫ শতাংশ বলই নিজেদের দখলে রাখে দক্ষিণ কোরিয়ার মেয়েরা। তাতেই স্পষ্ট কটটা দাপুটে খেলেছে তারা। ২০টি শট নিয়ে ১৩টি রাখে লক্ষ্যে। সেখানে থেকে গোল হয় ৬টি। অন্যদিকে প্রথমার্ধে নেওয়া লক্ষ্যভ্রষ্ট একমাত্র শটই পুরো ম্যাচের সম্বল বাংলাদেশের মেয়েদের।১৬ মিনিটে ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। গোল করেন কিম মিন-জি।প্রথমার্ধের শেষদিকে ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জেয়ং ডা-বিন। ফলে ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় দক্ষিণ কোরিয়ার মেয়েরা।

তৃতীয় গোলটি আসে দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে। ছো-ইয়ু রি গোলটি করেন। ১০ মিনিট পর চতুর্থ গোল করেন জি সো-ইয়োন।এরপর ৭৯ মিনিটে পঞ্চম গোল করেন সিউল-জি হিউন। অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে শেষ ও ষষ্ঠ গোলটি করেন কো ইউ-জিন। ওই গোলে ৬-০ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া।বাংলাদেশের মেয়েরা তাদের পরের ম্যাচ খেলবে মিয়ানমারের বিপক্ষে। সেই ম্যাচ জিতলে পারলে টিকে থাকবে সম্ভাবনা।


