Homeআন্তর্জাতিকসিঙ্গেলদের আমন্ত্রণ জানাচ্ছে ফিনল্যান্ড

সিঙ্গেলদের আমন্ত্রণ জানাচ্ছে ফিনল্যান্ড

অচেনা দেশে নতুন মানুষের সঙ্গে পরিচয়, একসঙ্গে খাবার খাওয়া আর হয়তো মনের মানুষের সন্ধান। ভ্রমণে এমন অভিজ্ঞতা পেতে কার না ভালো লাগে! এবার সেই সুযোগই তৈরি করে দিচ্ছে বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড।বিশ্বের বিভিন্ন দেশের ১৬ জন অবিবাহিত নারী ও পুরুষকে বিনা খরচে দেশটিতে ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছে দেশটির পর্যটন সংস্থা ভিজিট ফিনল্যান্ড।গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মার্কিন সাময়িকী ফোর্বসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ‘ফিনিশ ডিনার ডেট’ নামের এই আয়োজন চলবে ২০২৭ সালের ৯ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।বিশ্বের যে কোনো দেশের ১৮ বছর বা তার বেশি বয়সী অবিবাহিত নারী ও পুরুষ এতে আবেদন করতে পারবেন। তবে, আবেদনকারীকে ফিনল্যান্ডের বাসিন্দা হওয়া যাবে না।এই ভ্রমণে অংশগ্রহণকারীরা ফিনল্যান্ডের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নেওয়ার সুযোগ পাবেন। তাদের জন্য থাকবে বুনো মাছ, বিভিন্ন ধরনের বেরি ও বন থেকে সংগ্রহ করা মাশরুম দিয়ে তৈরি নানা পদ। দেশটির কয়েকজন খ্যাতনামা রাঁধুনি এসব খাবারের মেনু তৈরি করবেন।

এদিকে, ভ্রমণের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে বিশেষ নৈশভোজের আয়োজন। রাজধানী হেলসিঙ্কি ও লেকল্যান্ড অঞ্চলের তাম্পেরে শহরে এসব নৈশভোজ অনুষ্ঠিত হবে।সেখানে বিদেশ থেকে যাওয়া সিঙ্গেলদের সঙ্গে এক টেবিলে বসে খাবার খাওয়ার পাশাপাশি পরিচিত হওয়ার সুযোগ পাবেন স্থানীয় অবিবাহিত নারী ও পুরুষরাও।একই সঙ্গে এই আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীরা ফিনল্যান্ডের খাবার ও সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ পাবেন। ফলে, ভ্রমণটি শুধু নতুন মানুষের সঙ্গে পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং দেশটির জীবনযাত্রা ও খাদ্যসংস্কৃতির সঙ্গেও পরিচিত হতে পারবেন তারা।বিজনেস ফিনল্যান্ডের আন্তর্জাতিক বিপণন বিভাগের জ্যেষ্ঠ পরিচালক হেলি জিমেনেজ এক বিবৃতিতে বলেন, ফিনল্যান্ডের মানুষের সুখী জীবনযাপনের সঙ্গে দেশটির খাবারের গভীর সম্পর্ক রয়েছে।স্থানীয় খাবারের মধ্য দিয়ে দেশটির প্রকৃতি, ঋতু ও মানুষের জীবনযাত্রার পরিচয় পাওয়া যায়। এবার সেই অভিজ্ঞতা ভ্রমণকারীদের সঙ্গে ভাগ করে নিতে চান তারা।

এই আয়োজনের ধারণা নেওয়া হয়েছে ফিনল্যান্ডের একটি বিশেষ ডেটিং প্রবণতা থেকে। দেশটিতে এর নাম ‘সিঙ্কুকোরি’ বা ‘সিঙ্গেল বাস্কেট’। কয়েকটি সুপারশপে অবিবাহিত ক্রেতাদের জন্য গোলাপি রঙের ঝুড়ি রাখা হয়েছে।এসব ঝুড়ি নিয়ে কেনাকাটা করলে অন্যরা সহজেই বুঝতে পারেন, ওই ব্যক্তি নতুন কারও সঙ্গে কথা বলতে বা পরিচিত হতে আগ্রহী। ফলে, সুপারশপও হয়ে উঠছে নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার একটি জায়গা।

সুত্র: ফোর্বস

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments