এস এম আলম, ২ নভেম্বর: নানা কর্মসূচির মধ্য দিয়ে পাবনায় জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা সিভিল সার্জন কার্যালয়ের হল রুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে স্বেচ্ছায় রক্তদান, নিরাপদ রক্তসঞ্চালন ও মরণোত্তর চক্ষুদান বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. খায়রুল কবির, ডা. জান্নাতুল ফেরদৌস বৈশাখী, পাবনা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম. জাহিদ কামাল, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রাফিয়া আফরোজ রিপা সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। সভায় বক্তারা বলেন, নিয়মিত রক্তদানের মাধ্যমে মুমূর্ষু রোগীর জীবন বাঁচানো সম্ভব। পাশাপাশি নিরাপদ রক্তসঞ্চালন নিশ্চিত করতে রক্তদাতা ও গ্রহীতা উভয়ের ক্ষেত্রেই প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বক্তারা আরও বলেন, মরণোত্তর চক্ষুদান একটি মহৎ মানবিক উদ্যোগ। মৃত্যুর পর চোখ দানের মাধ্যমে একজন অন্ধ মানুষ ফিরে পেতে পারেন দৃষ্টিশক্তি। তাই এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আলোচনা সভা শেষে পাবনা জেনারেল হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্বেচ্ছায় রক্তদানে আগ্রহীরা অংশগ্রহণ করেন। এ সময় স্বেচ্ছায় রক্তদানে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়ে বক্তব্য দেন ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতারের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) ডাক্তার তসলিমুল আরেফিন, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডাক্তার মনিরুজ্জামান, আবাসিক মেডিকেল অফিসার ডা. জাহিদুল ইসলাম।




