এস এম আলম, ১ নভেম্বর: “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, পাবনার যৌথ আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার তামারা তাসবিহা এবং যুব উন্নয়ন অধিদপ্তর, পাবনার উপপরিচালক আব্দুল মান্নান। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, যুব উদ্যোক্তা, সংশ্লিষ্ট অংশীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন সফল উদ্যোক্তাকে তাঁদের উদ্যোগ ও অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা কার্যক্রম সম্প্রসারণে ১৩ জন উদ্যোক্তার মাঝে সর্বমোট ১৩ লাখ ৬০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। আলোচনা সভায় যুবসমাজের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, তরুণদের মেধা, সৃজনশীলতা ও কর্মস্পৃহাকে যথাযথ প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার মাধ্যমে কাজে লাগানো সম্ভব হলে বেকারত্ব হ্রাসের পাশাপাশি জাতীয় অর্থনীতি আরও গতিশীল হবে। দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মোদ্যমী যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহবান জানানো হয়।




