এস এম আলম, ১৯ সেপ্টেম্বর: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে পাবনায় মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। সকালে পাবনা পৌরসভার সহযোগিতায় এবং জেলা প্রশাসনের আয়োজনে পৌর এলাকার ১৫ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন পাবনা সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক খায়রুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সাখাওয়াত হোসেন সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; এর পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরী। বাড়িঘর, শিক্ষা ও ব্যবসাপ্রতিষ্ঠান সহ আশপাশের এলাকায় যাতে পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।




