মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের পরাজয়ের পর আরও শক্তিশালী হয়ে ফিরে আসার অঙ্গীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে মঙ্গলবার (৩ নভেম্বর) হয়ে যাওয়া নির্বাচনের ফলাফল যুক্তরাষ্ট্রকে বহুবছর পিছিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।ওই নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেয়েছে ডেমোক্রেটিক পার্টি। এতে কয়েক দশক ধরে নিজেদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বিভিন্ন অঙ্গরাজ্যেও বড় ধরনের নির্বাচনী বিপর্যয়ের মুখে পড়েছে ট্রাম্পের রিপাবলিকান পার্টি।রোববার (৮ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, সর্বশেষ নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে আমেরিকা ইতিহাসে বড় ধরনের এক ধাপ পিছিয়ে গেছে। তার দাবি, তার মেয়াদে যে শেয়ারবাজারের প্রবৃদ্ধি হয়েছিল, নির্বাচনের পর সেটিও ধাক্কা খেয়েছে।তবে সমর্থকদের আশ্বস্ত করে তিনি লেখেন, ভয় পাওয়ার কিছু নেই। আমরা আগের যে কোনো সময়ের চেয়ে আরও বড় ও শক্তিশালী হয়ে ফিরে আসব।নির্বাচনে পরাজয়ের ধাক্কা সামলাতে যখন রিপাবলিকান আইনপ্রণেতারা ব্যস্ত, তখন ট্রাম্প নিজের অবস্থানে অনড় রয়েছেন। বরং শুক্রবার কট্টরপন্থি উপদেষ্টা স্টিফেন মিলারকে নতুন চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি। এ নিয়োগকে পরাজয়ের পর আরও কঠোর রাজনৈতিক লড়াইয়ে নামার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।ট্রাম্প প্রশাসনকে জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার করেছে ডেমোক্র্যাটরা। একই সঙ্গে মিলারের বিরুদ্ধেও ‘প্রতিটি পদক্ষেপে’ লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা। ট্রাম্পের কঠোর অভিবাসননীতির অন্যতম রূপকার হিসেবে পরিচিত মিলার।

সুত্র: এএফপি


