Homeখেলাধুলাছোটদের এশিয়া কাপে ভারতকে হারালো পাকিস্তান

ছোটদের এশিয়া কাপে ভারতকে হারালো পাকিস্তান

বড়দের ক্রিকেটে গত কয়েক বছরে ভারত যেভাবে পাকিস্তানের উপর দাপট দেখিয়েছে তা দেখাতে পারলেন না ছোটরা। ব্যাটিং ব্যর্থতায় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকিস্তানের কাছে হারল ভারত। অর্জুন রাজপুতের শতরানও কাজে এল না। পাল্টা অপরাজিত শতরান করে পাকিস্তানকে জেতালেন হামজা জহুর।প্রথমে ব্যাট করে ২০৮ রানে অল আউট হয় ভারত। জবাব দিতে নেমে শুরুতে চাপে পড়লেও সাত নম্বরে নামা হামজার ব্যাটে ভর করে ৩ উইকেটে জেতে পাকিস্তান। ১১ বল বাকি থাকতে রান তাড়া করে জয় তুলে নেয় তারা।টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের অধিনায়ক লক্ষ্য রাইচন্দানি। কিন্তু তা ব্যুমেরাং হয়ে দাঁড়ায়। পিচের সাহায্য কাজে লাগিয়ে ভয়ঙ্কর হয়ে ওঠেন পাকিস্তানের পেসার আলি রাজা, রিজওয়ানুল্লাহরা।ভারতের প্রথম চার ব্যাটারের কেউ রান রাননি। অধিনায়ক লক্ষ্য শূন্য রানে ফেরেন। আগের ম্যাচে বড় রান করা বিরেন্দর শেবাগের পুত্র আর্যবীর শুরুটা ভাল করলেও ২২ রানের মাথায় আউট হন। রান পাননি ভারতের আরেক কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের পুত্র অন্বয়। ১০ রান করেন তিনি।যেখানে বাকি কেউ ২৫ রানও করতে পারেননি, সেখানে লড়াকু ইনিংস খেলেন অর্জুন রাজপুত। তিনি না থাকলে লজ্জার হার হারতে হত ভারতকে। পাঁচ নম্বরে নেমে পাল্টা আক্রমণের পথে হাঁটেন তিনি। মাত্র ৮০ বলে শতরান করেন। ৮৫ বলে ১০৭ রান করে আউট হন তিনি। মারেন ১১টি চার ও পাঁচটি ছক্কা। কিন্তু তাকে কেউ সঙ্গ দিতে পারলেন না। নইলে ছবিটা হয়তো অন্য রকম হত।

অর্জুন আউট হওয়ার পর শেষ দিকে কাব্য প্যাটেল ২৩ রান করে দলের রান ২০০ পার করেন। শেষ পর্যন্ত ৪৬.৩ ওভারে ২০৮ রানে অল আউট হয়ে যায় ভারত। ২১ বল খেলতে পারেনি তারা। পুরো ৫০ ওভার ভারত খেলতে পারলে হয়তো খেলার ফল অন্য রকম হত। পাক বোলারদের মধ্যে আলি, রিজওয়ানুল্লাহ ও নিকাব শফিক ৩ করে উইকেট নেন।অল্প রান করে জিততে হলে শুরুতে উইকেট নিতে হত ভারতকে। সেটাই করে তারা। ভারতের মতো পাকিস্তানেরও টপ ও মিডল অর্ডার রান পায়নি। ৬১ রানে ৫ উইকেট পড়ে যায় তাদের। ইশান সুদ, মোহিত উলবা, মনল চৌহানেরা ভাল বল করেছিলেন। দেখে মনে হচ্ছিল, ২০৮ রান করতে পারবে না পাকিস্তান।সেখান থেকেই লড়াই শুরু করলেন সাত নম্বরে নামা হামজা। হাসনাইন আব্বাস দারের সঙ্গে জুটি বাঁধেন তিনি। হামজা জানতেন, তাকে আক্রমণাত্মক খেলতে হবে। আব্বাস ৩৮ রান করলেও ৬৭ বল খেলেন। তাদের মধ্যে ১০৭ রানের জুটি হয়। সেই জুটিই পাকিস্তানকে জেতায়।অর্জুন যে ভুলটা করেছিলেন, তা হামজা করলেন না। থিতু হওয়ার পর উইকেট দিয়ে আসেননি তিনি। লক্ষ্য ক্রমশ কমছিল। ৪৯তম ওভারের প্রথম বলে চার মেরে পাকিস্তানকে জেতান তিনি। সেই সঙ্গে নিজের শতরানও পূর্ণ করেন। ১০৮ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন হামজা।এ জয়ের ফলে গ্রুপ এ-র শীর্ষে উঠল পাকিস্তান। দু’ম্যাচে ৪ পয়েন্ট তাদের। ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারত। গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালে ওঠা পাকিস্তানের পাকা। ভারতের শেষ ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে। তাদেরও পয়েন্ট ২। তাদের হারালে তবেই সেমিফাইনালে উঠবে ভারত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments