ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ সামরিকভাবে কার্যত শেষ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।সোমবার (৯ নভেম্বর) ওয়াশিংটন ডিসিতে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আকস্মিক এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ‘সামরিকভাবে ইরান (যুদ্ধ) কার্যত শেষ। আমরা এখনকার পরিস্থিতি বজায় রাখছি। মূলত প্রতিবেশী দেশগুলোর অনুরোধেই এমনটা করা হচ্ছে।’ট্রাম্পের এ বক্তব্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, মধ্যপ্রাচ্যের মিত্রদেশগুলোর চাপের মুখে ইরানের সঙ্গে সংঘাত কমানোর পথে হাঁটছে যুক্তরাষ্ট্র।ট্রাম্পের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল থানি।বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কাতারের প্রধানমন্ত্রী বলেন, বৈঠকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা এগিয়ে নেওয়ার উপায় নিয়ে কথা হয়েছে।

তিনি বলেন, একটি চুক্তিতে পৌঁছানো এবং অঞ্চলটিতে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী ট্রাম্পের কাছে যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া দুইদিনের একটি প্রস্তাব তুলে ধরেন।কাতার দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে।যুদ্ধ শেষের ইঙ্গিত দিলেও ইরানের ওপর চাপ অব্যাহত রাখার কথা জানিয়েছেন ট্রাম্প।তিনি বলেন, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ চলবে। পাশাপাশি ‘টাস্ক ফোর্স আয়রন গেট’ নামে নতুন উদ্যোগের মাধ্যমে স্থলপথ ও কাস্পিয়ান সাগর দিয়ে ইরানের বাণিজ্য বন্ধ করার চেষ্টা করা হবে।
ট্রাম্পের ভাষ্য, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ বর্তমান পরিস্থিতি বজায় রাখার পক্ষে।তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে, এমনকি সম্ভবত বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় নৌ অবরোধ অব্যাহত রাখার পক্ষে এসব দেশ।তবে পরিস্থিতির পরিবর্তন হলে আবারও সামরিক অভিযান চালানোর প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, আপাতত সামরিক পদক্ষেপের প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে না। তবে যে কোনো পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে।ট্রাম্পের বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ ইরানের কর্মকর্তারা। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবর সামনে এনে আসল পরিস্থিতি আড়াল করার চেষ্টা করা হচ্ছে।ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ যুক্তরাষ্ট্র সরকারকে এরই মধ্যে বিপর্যস্ত করেছে। ওয়াশিংটন এখন মরিয়া জুয়াড়ির মতো আচরণ করছে।তিনি যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান। একই সঙ্গে আলোচনার বিষয়ে ভুয়া খবর ছড়ানোর অভিযোগ করেন।অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুদ্ধ ও শান্তির মাঝামাঝি চলমান অনিশ্চিত পরিস্থিতির অবসান চান।পেজেশকিয়ান বলেন, তার দেশ নতুন করে আলোচনায় বসতে রাজি। তবে কোনো ধরনের চাপ বা জবরদস্তি মেনে নেবে না।২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর সংঘাত ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে।
যুদ্ধ শুরুর পরপরই ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেয়। বিশ্ববাজারে তেল, গ্যাস ও সার পরিবহনের জন্য এই জলপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ।যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এসব দেশের মধ্যে কাতার, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতও ছিল।এসব হামলার অনেকগুলোর লক্ষ্যবস্তু ছিল যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা।যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে ইরান।
এসব শর্তের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, বিদেশে আটকে থাকা ইরানের অর্থ ছাড় এবং হরমুজ প্রণালি দিয়ে নতুন নৌপথের স্বীকৃতি। ওমানের সঙ্গে সমন্বয় করে এই নতুন নৌপথ তৈরির কথা বলছে ইরান।এ ছাড়া ইসরায়েলের লেবানন হামলাসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছে দেশটি।সোমবারের সংবাদ ব্রিফিংয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, সংঘাতের সমাপ্তি ঘোষণা করে বিষয়টি শেষ করে দিলেই হয় কি না। জবাবে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্ররা রয়েছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।তিনি আরও বলেন, ছয় মাস আগের তুলনায় মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন অনেক বেশি নিরাপদ। তবে ইরান এখনো ওই অঞ্চলের জন্য হুমকি।
সুত্র: আল জাজিরা


