চট্টগ্রাম নগরের বিভিন্ন সড়কের দেয়ালে নতুন করে ফুটে উঠছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও প্রতিবাদী গ্রাফিতি। নগরের সৌন্দর্যবর্ধন ও নান্দনিক পরিবেশ তৈরির লক্ষ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেনের উদ্যোগে এ কার্যক্রম চলছে।জুলাই গণঅভ্যুত্থানের সময় নগরের বিভিন্ন দেয়ালে তরুণ শিক্ষার্থীদের আঁকা প্রতিবাদী ও অনুপ্রেরণামূলক গ্রাফিতিগুলো নতুন করে রং-তুলির আঁচড়ে সাজানো হচ্ছে। এসব চিত্রকর্মে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং নতুন প্রজন্মের স্বপ্ন ও সাহসিকতার বার্তা তুলে ধরা হচ্ছে।একসময় আন্দোলনকে কেন্দ্র করে নগরের দেয়ালে দেয়ালে ছড়িয়ে পড়েছিল নানা প্রতিবাদী চিত্রকর্ম ও স্লোগান। সেসব গ্রাফিতি সংরক্ষণ ও নতুন করে দৃশ্যমান করার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি নতুন প্রজন্মের সামনে তুলে ধরার উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন।গ্রাফিতিগুলো শুধু আন্দোলনের স্মৃতি বহন করছে না, নগরের দেয়ালগুলোকে নান্দনিক করে তুলতেও ভূমিকা রাখছে। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নগরের ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য ও নাগরিক চেতনার প্রতিফলন ঘটানোর অংশ হিসেবেও এ উদ্যোগ নেওয়া হয়েছে।চসিকের এ কার্যক্রমের মাধ্যমে চট্টগ্রামকে আরও পরিচ্ছন্ন, নান্দনিক ও দৃষ্টিনন্দন নগরী হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চলছে। দেয়ালে ফিরে আসা জুলাইয়ের গ্রাফিতিগুলো তারুণ্যের প্রতিবাদ, সাহসিকতা এবং বৈষম্যহীন সমাজ গড়ার আকাঙ্ক্ষাকে নতুন করে সামনে আনছে।



