এস এম আলম, ২৬ নভেম্বর: রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির সামনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত দিনব্যাপী মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত আলোচনা সভায় ভেটেরিনারি সার্জন ডা. ওয়ালিউল হোসেনের সঞ্চালনায় এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু তালেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম। সভায় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবু আশ্রাফ, প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, বাংলা টিভির জেলা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক এস এম আলম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রাণিসম্পদ খাতের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, খামারি ও সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। এ খাতের আধুনিকায়ন, উন্নত জাতের পশু-পাখি পালন, বিজ্ঞানসম্মত খামার ব্যবস্থাপনা এবং রোগ প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। পাশাপাশি প্রাণিসম্পদজাত পণ্যের গুণগত মান নিশ্চিত করে রপ্তানি বাজার সম্প্রসারণে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।



