গত নভেম্বরে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে আপত্তিকর এক পোস্ট করেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানি। সেটির কারণে শাস্তি পেয়েছেন প্রায় এক মাস পর, বিগত বছরের শেষদিন।
কাভানিকে সবধরনের ফুটবল থেকে তিন ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি ১ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১৬ লাখ টাকা) জরিমানাও করা হয়েছে। নতুন বছর স্বাগত জানানোর অপেক্ষায় থাকা কাভানির পুরাতন বছরের শেষটা তাই হয়ে থাকল দুঃসহ স্মৃতিময়।
গত ২৯ নভেম্বর কাভানির গোলেই সাউদাম্পটনের বিপক্ষে জিতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সেই ম্যাচের পর ইন্সটাগ্রামে একটি পোস্ট করেন ৩৩ বছর কাভানি। সেখানে একটি স্প্যানিশ শব্দগুচ্ছ ব্যবহার করেন তিনি। যা কি না এক দৃষ্টিকোণ থেকে আপত্তিকর ছিল।
সেই অর্থ বুঝতে পেরে পোস্টটি ডিলিট করে দেন কাভানি। কিন্তু নজর এড়ায় ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনের। যে কারণে প্রায় ১৮ দিন তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় এবং শাস্তি দেয়া হলো এক মাস পর। সেই পোস্টের জন্য গত ১৭ ডিসেম্বর প্রথম অভিযুক্ত হয়েছিলেন কাভানি।নিজের ভুল বুঝতে পেরে পোস্ট ডিলিটের পাশাপাশি ক্ষমাও প্রার্থনা করেছেন তিনি। তবু শাস্তি ও জরিমানার হাত থেকে রেহাই মেলেনি। শাস্তির পাশাপাশি মুখোমুখি শিক্ষার পাঠও নিতে হবে তাকে।
এ শাস্তির ফলে আজ (১ জানুয়ারি) রাতে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যান ইউর বছরের প্রথম ম্যাচটি খেলতে পারবেন না কাভানি। এছাড়া ৬ জানুয়ারি ম্যানচেস্টার সিটির বিপক্ষে ইএফএল কাপের সেমিফাইনাল এবং ৯ জানুয়ারি ওয়াটফোর্ডের বিপক্ষে এফএ কাপের থার্ড রাউন্ডের ম্যাচও মিস করতে হবে তাকে।
