ইতিহাস তৈরি হয় অনেক সময় আচমকা। ধারণারও বিপরীতে। ভারত আজ গ্যাবায় যেটা করলো, তেমনটা আসলে বলে-কয়ে আসে না। কিন্তু ভারতীয় দলটির যে শক্তি অনেক গভীরে নিহিত, সেটা আবারও বোঝা গেলো এবার। আগের ম্যাচে হনুমা বিহারি আর রবিচন্দ্রন অশ্বিন ব্যাট করে ম্যাচ ঠেকিয়ে দিয়েছিল। এবার দুই তরুণ শুভমান গিল আর রিশাভ পান্ত মিলে ইতিহাস রচনা করলেন।গ্যাবায় ৩২৮ রান তাড়া করে ভারত টেস্ট ম্যাচ জিতবে, এমনটা ভাবেননি টিম ইন্ডিয়ার অতি বড় সমর্থকও; কিন্তু মঙ্গলবার সেটাই করে দেখালেন আজিঙ্কা রাহানের দল। সে সঙ্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টানা দুটি টেস্ট সিরিজ জিতলো টিম ইন্ডিয়া।গ্যাবায় রাহানের নেতৃত্বে তরুণ দলটির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত পুরো ভারত। শচিন, সৌরভ থেকে শুরু করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কিংবদন্তী ক্রিকেটার ভিভ রিচার্ডস- সবাই।
অ্যাডিলেড ওভালে ৩৬ রানে অল-আউট হওয়ার লজ্জা মাথায় নিয়ে মেলবোর্নে ঘুরে দাঁড়ানো ভারতের। সিডনিতে দুর্দান্ত লড়াই করে টেস্ট ড্র এবং ব্রিসবেনে অসিদের নাস্তানাবুদ করে জয়। ভারতের একই সঙ্গে একগুচ্ছ ইতিহাস গড়ল।চোটের কারণে দলের প্রথম পাঁচ থেকে ছয়জন ক্রিকেটারকে ছাড়াই গ্যাবায় খেলতে নেমেছিল ভারত। ১১ জন ফিট প্লেয়ারকে মাঠে নামানো ছিল টিম ম্যানেজমেন্টের কাছে চ্যালেঞ্জ। শুধু ড্রেসিংরুমেই নয়, মাঠেও চ্যালেঞ্জ জিতল ভারতের তরুণতুর্কিরা।ভারতীয় ক্রিকেট ইতিহাসের নতুন অধ্যায় লেখা হয়েছিল ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলির হাত ধরে। আর বোর্ড প্রেসিডেন্ট সৌরভের আমলে অস্ট্রেলিয়ায় ইতিহাস রচনা করলেন রাহানেরা। গ্যাবায় ভারতের অবিশ্বাস্য জয়ে উচ্ছ্বসিত সৌরভ রাহানেদের অভিনন্দন জানিয়ে টুইটারে লেখেন, ‘অনবদ্য জয়। অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয় ভারতীয় ক্রিকেটের ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। দলের প্রত্যেকে দারুণ ক্রিকেট খেলেছে। দলের জন্য বোর্ডের পক্ষ থেকে ৫ কোটি টাকা বোনাস ঘোষণা করা হল। যদিও এই জয়ের তাৎপর্য কোনও সংখ্যা দিয়ে বোঝা যাবে না।’
