করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ভ্যাকসিন পাওয়ার বিষয়ে কথা বলতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ফোন করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এসময় ‘বন্ধু’র দেশে ভ্যাকসিন পাঠানোর বিষয়ে ভারত ‘সর্বোচ্চ চেষ্টা’ করবে বলে আশ্বাস দিয়েছেন মোদি।
ফোনালাপের সত্যতা নিশ্চিত করে বুধবার রাতে এক টুইটে ভারতীয় প্রধানমন্ত্রী বলেছেন, বন্ধু জাস্টিন ট্রুডোর কাছ থেকে ফোন পেয়ে আমি খুবই খুশি। তাকে আশ্বস্ত করেছি যে, কানাডায় করোনা ভ্যাকসিন সরবরাহের ক্ষেত্রে ভারত সর্বাত্মক চেষ্টা করবে।ভারত সরকারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতেও নরেন্দ্র মোদির কাছে কানাডীয় প্রধানমন্ত্রীর ভ্যাকসিন চাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তারা বলেছে, প্রধানমন্ত্রী [মোদি] আশ্বাস দিয়েছেন, ভারত কানাডার ভ্যাকসিন প্রদান কার্যক্রমে সহযোগিতার জন্য যথাসাধ্য চেষ্টা করবে, যেমনটি ইতোমধ্যে অনেক দেশের জন্য করা হয়েছে।বর্তমানে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাকসিন ব্যবহারে অনুমতির বিষয়ে দু’টি আবেদন পর্যালোচনা করছে কানাডার স্বাস্থ্য বিভাগ।গত অক্টোবরেই দেশটিতে নিজেদের ভ্যাকসিন অনুমোদনের জন্য আবেদন করেছিল অ্যাস্ট্রাজেনেকা কানাডা। আর গত মাসে কানাডার ভেরাইটি ফার্মাসিউটিক্যালসের সঙ্গে যৌথভাবে আবেদন করেছে ভারতের সিরাম ইনস্টিটিউট, যারা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের অন্যতম উৎপাদক।
