করোনাভাইরাসের (কোভিড ১৯) টিকা নিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে তিনি টিকা নেন।টিকা নিয়ে তিনি সাংবাদিকদের জানান, ‘আমি যে ভ্যাকসিন নিয়েছি তা আমি বুঝতেই পারিনি। সূচের ব্যথাও এতটুকু টের পাইনি। সম্পূর্ণ সুস্থ আছি। কোনো সমস্যা নেই।’এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সফলভাবে কোভিড-১৯ ব্যবস্থাপনা করেছেন ও নিয়ন্ত্রণে রেখেছেন। বিশ্বের উন্নত দেশ যখন ভ্যাকসিন পেয়েছে বাংলাদেশও সেই সময় পেয়েছে। এটা প্রধানমন্ত্রীর অক্লান্ত প্রচেষ্টা ও জনগণের প্রতি তার ভালবাসার নিদর্শন। যার ফলশ্রুতিতে দ্রুত দেশে ভ্যাকসিন এসেছে।’
এখনো যারা দ্বিধাদ্বন্দ্বে আছেন ভ্যাকসিন নিবে কিনা এবং এর পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে গুজব ছড়ানো বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি বলবো যারা এই ভ্যাকসিন নিয়ে গুজব ছড়াচ্ছে তারা জনগণের শত্রু। প্রাণ রক্ষাকারী ভ্যাকসিন নিয়ে তারাই গুজব ছড়ায়, যারা কোনদিনও এদেশের জনগণকে ভালবাসে না।’
কনভেনশন সেন্টারে টিকা-গ্রহণের জন্য অপেক্ষারতদের দেখিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিতে ভুল করে না। তারা গুজব উপেক্ষা করে টিকা নিয়ে প্রমাণ করেছে যে, টিকায় কোনো সাইড ইফেক্ট নেই। কোনো প্রব্লেম নেই। টিকায় কোনো অসুবিধা হয় না। স্বতঃস্ফূর্তভাবে টিকা নিয়ে তারা বিএনপির মুখোশ উন্মোচন করে দিয়েছে যে, তারা সবসময় মিথ্যাচার করে।’
