Homeখেলাধুলাবাংলাদেশ-শ্রীলঙ্কার টেস্ট সূচি চূড়ান্ত

বাংলাদেশ-শ্রীলঙ্কার টেস্ট সূচি চূড়ান্ত

গত বছর সেপ্টেম্বর-অক্টোবরে হওয়ার কথা ছিল সিরিজটি। কিন্তু করোনার কারণে নানা জটিলতায় শেষ পর্যন্ত বাংলাদেশ দল আর শ্রীলঙ্কা সফরে যায়নি। তবে এবার শ্রীলঙ্কা সফরে যাওয়াটা চূড়ান্ত হয়ে গেছে। সফরে বাংলাদেশ খেলবে দুটি টেস্ট। বিষয়টা নির্ধারিত থাকলেও চূড়ান্ত ছিল না সূচি। এবার সূচি চূড়ান্ত হলো এই টেস্ট সিরিজের।

এপ্রিলের মাঝামাঝিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ ক্রিকেট দল। বিষয়টি চূড়ান্ত করেছে আয়োজক শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এসএলসি। ম্যাচ দুটো খেলতে এপ্রিলের ১২-১৫ তারিখের মধ্যে দেশটি সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল।

শনিবার মিরপুরে সাংবাদিকদের এমন কথা জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন। তবে ম্যাচ দুটি কোন ভেন্যুতে অনুষ্ঠিত হবে তা এখনও নিশ্চিত করেনি স্বাগতিক শ্রীলঙ্কা। শুধু এটা জানানো হয়েছে সিরিজের দুটি টেস্ট ম্যাচই একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

বিসিবি প্রধান নির্বাহী বলেন, ‘আমাদের সঙ্গে শ্রীলঙ্কা বোর্ডের যে যোগাযোগ হচ্ছে তাতে এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের যে দুটি ম্যাচ আছে সেটি চূড়ান্ত হয়েছে। দুটি টেস্ট ম্যাচ এক ভেন্যুতেই হবে। আমরা আশা করি এপ্রিলের ১২-১৫ তারিখের মধ্যে যে কোনো একটা সময় বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফর করবে। যেহেতু স্বাগতিক দেশ এই ঘোষণাটা দেয়, বিষয়টা তাদের কাছ থেকে আসলেই ভালো হবে।’

করোনাভাইরাস সতর্কতায় ইতোমধ্যে দুইবার শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত হয়েছে। প্রথমবার স্থগিত হয়েছিল চলতি বছরের জুনে, দ্বিতীয়বার অক্টোবরে। সব ঠিক থাকলে স্থগিত হয়ে যাওয়া সেই সিরিজটিই এবার মাঠে গড়াতে যাচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments