Homeখেলাধুলাসাত বছর পর শেষ আটে চেলসি

সাত বছর পর শেষ আটে চেলসি

উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের শেষদিনের খেলায় সাফল্যের দেখা পেয়েছে ইংলিশ ক্লাব চেলসি ও জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। টুর্নামেন্টের সপ্তম ও অষ্টম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে এ দুই দল। বাদ পড়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ ও লাজিও।

বুধবার রাতে ভিন্ন ভিন্ন মাঠে শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হয়েছিল চেলসি-অ্যাটলেটিকো এবং বায়ার্ন-লাজিও। যেখানে শেষ হাসি হেসেছে প্রথম রাউন্ডে জয় পাওয়া দুই দলই। বায়ার্ন দুই লেগ মিলে ৬-২ এবং চেলসি ৩-০ গোলের অগ্রগামিতায় পেয়েছে কোয়ার্টারের টিকিট।

নিজেদের ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে দ্বিতীয় লেগের ম্যাচটিতে অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-০ গোলে হারিয়েছে চেলসি। দলের জয়ে গোল দুইটি করেছেন হাকিম জিয়েচ ও এমারসন পালমেইরি। ম্যাচের ৮১ মিনিটের সময় লাল কার্ড দেখেছেন অ্যাটলেটিকোর স্টেফান স্যাভিচ।

এর আগে প্রথম লেগের ম্যাচে চেলসি জিতেছিল ১-০ ব্যবধানে। দুই লেগ মিলে ৩-০ গোলে এগিয়ে থেকে সাত বছর পর চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠল থমাস টুখেলের দল। টুখেল দায়িত্ব নেয়ার পর থেকে এখনও পর্যন্ত ১৩ ম্যাচ ধরে অপরাজিত চেলসি।

অন্যদিকে বায়ার্নও দ্বিতীয় লেগের ম্যাচটি খেলেছে নিজেদের ঘরের মাঠে। তবে প্রথম লেগের তুলনায় তাণ্ডব দেখাতে পারেনি। প্রথম লেগে ৪-১ গোলে জিতলেও, এবার তাদের জয় ২-১ ব্যবধানে। গোল দুইটি করেছেন রবার্ট লেওয়ানডোস্কি এবং চুপো মোটিং। একটি গোল শোধ করেছেন মারকো পারোলো।

শেষ দুই দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বায়ার্ন ও চেলসি। তাদের আগে শেষ আটে পা রাখা অন্য ছয় দল হলো রিয়াল মাদ্রিদ, পোর্তো, প্যারিস সেইন্ট জার্মেই, ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও বরুশিয়া ডর্টমুন্ড।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments