এস এম আলম, ২০ জুলাই পাবনাঃ পাবনাবাসীকে পবিত্র ঈদ উল আযহা-র শুভেচ্ছা জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম । পাবনাবাসীর সকলের জন্য ঈদ হোক সুস্থ, নিরাপদ ও আনন্দময় এই বার্তায় সকলকে করোনাভাইরাস মহামারীতে স্বাস্থ্য বিধি মেনে ও সরকারি নির্দেশনার যথাযথ পালন করে ঈদ উৎসব পালন করার আহবান জানান পুলিশ সুপার।
বর্তমান পরিস্থিতি বিবেচনায় সকলকে মাস্ক ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন। এছাড়াও ঈদের মধ্যে তরুন ও স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের আত্মীয়-স্বজনের মোটরসাইকেল চালনা , তিনজন একসাথে মোটরসাইকেল আরোহণ সহ কাগজপত্রবিহীন বাহন ও বেপরোয়া গতিতে রাস্তায় মোটরসাইকেল চালানোর জন্য নিরুৎসাহিত করেন। উক্ত নির্দেশনা সমূহ সঠিক বাস্তবায়ন ও পাবনাবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণে জেলার বিভিন্ন স্থানে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে।
কোরবানির সময় পরিবারের ছোট সদস্যদের প্রতি বিশেষভাবে খেয়াল রাখার জন্য আহবান জানান। কোরবানির সময় ধারালো সরঞ্জাম তাদের নাগালের বাইরে রাখা এবং পুকুর ও জলাশয় থেকে তাদেরকে দূরে রাখার জন্য পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি আহবান জানান।
এছাড়াও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানোর জন্য সকলের প্রতি বিশেষভাবে আহবান জানান । জেলার সার্বিক আইন শৃঙ্খলা নিশ্চিত করতে জেলা পুলিশের বিশেষ টিম মোতায়েন করা হয়েছে। জেলাবাসীর যে কোনো প্রয়োজনে জেলা পুলিশের হটলাইন নম্বর ও নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য পরামর্শ দেন পুলিশ সুপার।
