Homeজাতীয়৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন করবে আইডিইবি

৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন করবে আইডিইবি

‘দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস-২০২৬ উদযাপন করা হবে। এ উপলক্ষে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি।শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানানো হয়।কর্মসূচির অংশ হিসেবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত শুভেচ্ছা কার্ড বিতরণ করা হবে। ৮ নভেম্বর বেলা ১১টায় আইডিইবি ভবনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধন করবেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। এছাড়া দিনটি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে বিশেষ আলোচনা অনুষ্ঠান প্রচারিত হবে।

৯ নভেম্বর বিকেল ৩টায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করবেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিকস বিভাগের চেয়ারম্যান ও প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মুজিবুর রহমান। একই দিন বিকেল ৫টায় পারিবারিক মিলনমেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া ৮ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত দেশের সব জেলা শাখা কার্যালয় থেকে বিনামূল্যে প্রযুক্তি পরামর্শ দেওয়া হবে।সংবাদ সম্মেলনে আইডিইবির নেতারা বলেন, ১৯৭০ সালের ৮ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি কারিগরি শিক্ষার প্রসার, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করে আসছে। টেকসই জাতীয় উন্নয়ন নিশ্চিত করতে আধুনিক ও কর্মমুখী কারিগরি শিক্ষা, শিল্প-শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যকর সহযোগিতা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং দক্ষ জনশক্তির যথাযথ মূল্যায়ন অপরিহার্য।

আইডিইবি মনে করে, চতুর্থ শিল্পবিপ্লব, কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন ও ডিজিটাল প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় ডিপ্লোমা প্রকৌশল শিক্ষাকে আধুনিক, ব্যবহারিক ও কর্মবাজারের চাহিদাভিত্তিক করতে হবে। পাশাপাশি উন্নয়ন প্রকল্পে গুণগত মান, স্বচ্ছতা, জবাবদিহি, পেশাগত সততা ও জননিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে সংগঠনটি।আইডিইবির নেতারা বলেন, দক্ষতা, সততা, দেশপ্রেম ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলাই এবারের প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসের মূল লক্ষ্য।সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন আইডিইবির অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী কবীর হোসেন।

তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের উন্নয়নে পরবর্তী ধাপ হবে জ্ঞান, দক্ষতা, উদ্ভাবন ও উৎপাদনশীলতার ওপর প্রতিষ্ঠিত। এই অগ্রযাত্রায় ডিপ্লোমা প্রকৌশলীরা হবে অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। আমাদের মনে রাখতে হবে দক্ষ মানবসম্পদ ছাড়া আধুনিক শিল্পায়ন সম্ভব নয়। প্রযুক্তির যথাযথ প্রয়োগ ছাড়া উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব নয়। আর স্বচ্ছতা, জবাবদিহি ও জনকল্যাণকে অগ্রাধিকার না দিলে টেকসই উন্নয়ন নিশ্চিত সম্ভব নয়।তিনি বলেন, আসুন আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করি যেখানে কারিগরি শিক্ষা হবে উন্নয়নের শক্তিশালী ভিত্তি, দক্ষ ডিপ্লোমা প্রকৌশলীরা পাবেন তাদের যোগ্যতার যথাযথ স্বীকৃতি, তরুণেরা পাবেন মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের সুযোগ এবং প্রযুক্তি ব্যবহৃত হবে মানুষের জীবনমান উন্নয়নে।

তিনি কারিগরি শিক্ষার মানোন্নয়ন, দক্ষতাভিত্তিক কর্মসংস্থান, শিল্প-শিক্ষাপ্রতিষ্ঠান সহযোগিতা, গবেষণা ও উদ্ভাবন, টেকসই অবকাঠামো ও সুশাসন, প্রযুক্তির জনমুখী ব্যবহার, উদ্যোক্তা ও তরুণদের দক্ষতা উন্নয়নে গুরুত্ব দেন।সংবাদ সম্মেলনে আইডিইবির সদস্যসচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন, যুগ্ম আহ্বায়ক (হেডকোয়ার্টার) বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মুসলিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক (ঢাকা) প্রকৌশলী হানিফ, যুগ্ম আহ্বায়ক (ফরিদপুর) প্রকৌশলী মো. ইমাম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক (চট্টগ্রাম) মীর হোসেন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক (ময়মনসিংহ) প্রকৌশলী আবেদুর রহমান, যুগ্ম আহ্বায়ক (রংপুর) প্রকৌশলী সেলিমুর রহমান, সদস্য (সাংগঠনিক) প্রকৌশলী জসিম সিকদার রানা, সদস্য (অর্থ) প্রকৌশলী শাহাদাত জামিল চৌধুরী, সদস্য (দপ্তর) ওবাইদুর রহমান, সদস্য (জনসংযোগ ও প্রচার) প্রকৌশলী তৈয়ব আলী মুকুল ও সদস্য (সহ-দপ্তর) প্রকৌশলী রাসেদুল হাসানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments