এস এম আলম, ৩১ জুলাই: পাবনায় করোনাকালীন সম্মুখ সারির যোদ্ধা সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর দেয়া অনুদানের চেক বিতরন করা হয়েছে। সকালে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে চেক বিতরন করেন টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর সভাপতি ও স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। অনুষ্ঠানে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু বলেন – ’’একা ভালো থাকলেই শুধু ভালো থাকা যায় না। আমি যদি একা ভালো থাকি আমার পাশের মানুষ খারাপ থাকলে, আমি একা ভালো থাকতে পারি না। এই অঙ্গীকার নিয়ে ১৯৪৮ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মানুষকে বিশেষ করে; পূর্ব বাংলার মানুষের মুক্তির জন্য আন্দোলন শুরু করেন । আমি এখনো বলি বাংলাদেশের প্রথম মুক্তিযোদ্ধা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা ১৯৭১ -এ অস্ত্র ধরলেও, ১৯৪৮ সাল থেকে তিনি বাংলার মানুষের জন্য যুদ্ধ করে গেছেন। বাংলাদেশের মানুষকে এই পর্যায়ে নিয়ে আসতে তার অনেক ত্যাগ-তিতিক্ষা, অনেক পরিশ্রম করতে হয়েছে শুধুমাত্র বাংলার মানুষকে মুক্তি দেবার জন্য । আজ সেই প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক, সাংস্কৃতিককর্মী সহ বিভিন্ন পেশাজীবী ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছেন ব্যক্তিগতভাবে। কারন তার শরীরেও রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর রক্ত’’। তিনি আরও বলেন ’সবাই যদি একসাথে এগিয়ে আসে তবে করোনাকালীন এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব।’ পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন , সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোকলেসুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, পাবনা মোটর মালিক গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী , সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি, আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভীর ইসলাম, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক সহ স্থানীয় বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে ৪৩ জন সাংবাদিককে ১০ হাজার টাকা করে অনুদানের চেক দেয়া হয়।
