যুক্তরাষ্ট্রের প্রাণকেন্দ্র নিউইয়র্কের টাইম স্কয়ারে ‘প্রথমবারের’ মতো একসঙ্গে ইফতার ও তারাবির নামাজ আদায় করলেন সহস্রাধিক মুসল্লি। গত শনিবার পবিত্র রমজান মাসের প্রথমদিন ঐতিহাসিক স্থানটিতে সমবেত হন যুক্তরাষ্ট্র-কানাডার বিভিন্ন শহর থেকে যাওয়া মুসলিমরা।এতে অংশগ্রহণকারী মুসল্লিদের মধ্যে প্রায় দেড় হাজার খাবারের বক্স বিতরণ করেন আয়োজকরা। সেখানে পবিত্র কোরআন তেলাওয়াত ও রমজান মাসের মাহাত্ম্যও বর্ণনা করা হয়।এসকিউ নামে এক আয়োজক বলেন, আমরা এখানে এসেছি যারা ইসলাম সম্পর্কে কিছু জানে না, তাদের বোঝাতে। ইসলাম শান্তির ধর্ম।
তিনি বলেন, মুসলিমদের জন্য রোজা শুধু খাদ্য নিরাপত্তাহীনতায় ভোগা মানুষেরা কেমন অনুভব করেন, তা জানা নয়। আমরা এটি করি যেন আমাদের স্রষ্টা, আমাদের প্রভু, আল্লাহর আরও কাছাকাছি যেতে পারি।টাইমস স্কয়ারে তারাবিতে অংশ নেওয়া এক মুসল্লি বলেন, ইসলাম সম্পর্কে অনেক ভুল ধারণা রয়েছে। সব সংস্কৃতি, সব ধর্মেই কিছু ‘পাগল’ রয়েছে। তাদের ছোট সেই দলগুলো সংখ্যাগরিষ্ঠের প্রতিনিধিত্ব করে না। আমরা নামাজ, রোজা, ভালো কাজ ও দান-খয়রাতে উত্সাহিত করছি।
