পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ ও ফিলিস্তিনিদের ওপর সহিংসতার ঘটনায় তিন ইসরায়েলি ব্যক্তি ও চারটি সংগঠনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে অস্ট্রেলিয়া। এর আগে একই ঘটনায় ইসরায়েলি আটটি নির্মাণ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাজ্য।বুধবার (১৮ নভেম্বর) অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এক বিবৃতিতে এ তথ্য জানান।তিনি বলেন, নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি ও সংগঠনগুলো নতুন ইসরায়েলি বসতি স্থাপনের পরিকল্পনা ও বাস্তবায়নে যুক্ত ছিলেন।এজন্য তারা অর্থ সংগ্রহ করেছেন, স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছেন এবং সহিংস বসতি স্থাপনকারীদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন।নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তিদের মধ্যে রয়েছেন বসতি স্থাপনকারী সংগঠন নাচালার নেতা ড্যানিয়েলা ওয়েইস। তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়নের পক্ষে অবস্থান নিয়েছেন।

এছাড়া, এলিয়াভ লিবিও নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন। নিজের নির্মাণ প্রতিষ্ঠানের মাধ্যমে পশ্চিম তীরে ইসরায়েলি বসতির সম্প্রসারণ ত্বরান্বিত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।এই নিষেধাজ্ঞার ফলে তালিকাভুক্ত ব্যক্তি ও সংগঠনের সঙ্গে বাণিজ্য করতে বা তাদের কোনো ধরনের সহায়তা দিতে পারবে না অস্ট্রেলিয়ার নাগরিক ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো।পেনি ওং বলেন, সম্প্রতি পশ্চিম তীরের ই১ বসতি প্রকল্প ঘিরে সহিংসতা দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করেছে।এই প্রকল্প বাস্তবায়িত হলে পশ্চিমতীরের এক অংশের সঙ্গে অন্য অংশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।একই সঙ্গে, পূর্ব জেরুজালেম থেকেও পশ্চিম তীরের যোগাযোগ কঠিন হয়ে পড়বে। ফলে, ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের জন্য নির্ধারিত ভূখণ্ড বিচ্ছিন্ন কয়েকটি অংশে ভাগ হয়ে যাবে।
এদিকে, চলতি সপ্তাহে পশ্চিম তীরের জেরিকো শহরের একটি এলাকায় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলিতে ৭২ বছর বয়সী এক ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী ও ফিলিস্তিনি কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানা গেছে। ওই এলাকায় সম্প্রতি কয়েকটি ফিলিস্তিনি বাড়ির দখল নিয়েছেন ইসরায়েলি বসতি স্থাপনকারীরা।জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও বিশ্বের অধিকাংশ দেশ পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলোকে অবৈধ মনে করে। তবে, এ অবস্থানের বিরোধিতা করে আসছে ইসরায়েল।
সুত্র: রয়টার্স


