Homeফিচার সংবাদঅক্সফোর্ডের চেয়ে কার্যকর ভ্যাকসিন তৈরির দাবি ভারতের

অক্সফোর্ডের চেয়ে কার্যকর ভ্যাকসিন তৈরির দাবি ভারতের

যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস ভ্যাকসিনের চেয়ে কার্যকর একটি ভ্যাকসিন তৈরির দাবি করেছেন ভারতীয় এক বিজ্ঞানী। সুমি বিশ্বাস নামে ওই গবেষকের দাবি, তাদের তৈরি ‘সুপারগ্লু ভ্যাকসিন’ করোনার পাশাপাশি ক্যান্সার সারাতেও কাজে লাগবে।

কলকাতার সংবাদমাধ্যম দৈনিক আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সুমি বিশ্বাসের তৈরি ভ্যাকসিনটি অক্সফোর্ড বা মডার্নার ভ্যাকসিনের চেয়ে সস্তা হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, এটি তৈরির মূল উপাদান হেপাটাইটিস-বি’র ভ্যাকসিন বহু বছর ধরেই বাজারে রয়েছে। আর ভারতের প্রধান ভ্যাকসিন প্রস্তুতকারক পুনের সিরাম ইনস্টিটিউটও সেটি তৈরি করছে প্রচুর পরিমাণে। ফলে, এসবে অভ্যস্ত থাকায় নতুন করোনা ভ্যাকসিনের উৎপাদন অনেকটাই সহজ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

লেকটাউনের বাসিন্দা সুমি বিশ্বাস অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নাফফিল্ড মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক। তিন বছর আগে তিনি নিজেই গড়ে তোলেন ভ্যাকসিন-প্রযুক্তি সংস্থা ‘স্পাইবায়োটেক’।

সুমি আনন্দবাজারকে বলেন, আমাদের উদ্ভাবিত করোনা ভ্যাকসিন তৈরির জন্য সিরাম ইনস্টিটিউটের সঙ্গে একটি চুক্তি হয়েছে। সিরাম বহুদিন ধরেই হেপাটাইটিস-বি ভ্যাকসিন বানাচ্ছে। তাই এই চুক্তিতে আগ্রহ ছিল দু’পক্ষেরই।

তিনি বলেন, আমাদের ভ্যাকসিনের তিন দফার ক্লিনিক্যাল ট্রায়াল অস্ট্রেলিয়ায় শুরু হয়েছে। শিগগিরই ভারতেও শুরু হবে।

অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকা, ফাইজার বা মডার্নার করোনা ভ্যাকসিনের চেয়ে স্পাইবায়োটেকের ভ্যাকসিনের পার্থক্য কোথায়? এর জবাবে ভারতীয় এ বিজ্ঞানী বলেন, ভ্যাকসিন তৈরিতে প্রায় সবাই অল্প চেনাজানা করোনাভাইরাসের ওপর বাজি ধরেছেন। অক্সফোর্ডেরটি ‘ভেক্টর ভ্যাকসিন’, মডার্নার ‘মেসেঞ্জার আরএনএ ভ্যাকসিন’। কিন্তু আমরা অতিপরিচিত হেপাটাইটিস-বি ভ্যাকসিনের অ্যান্টিজেনের ওপর করোনার অ্যান্টিজেন বসিয়ে নতুন ভ্যাকসিন বানিয়েছি। এ প্রযুক্তির নাম ‘সুপারগ্লু’। এর সুবিধা হচ্ছে, বহুদিন ধরে কার্যকারিতা ও গুণাগুণ জানা হেপাটাইটিস-বি অ্যান্টিজেনের ওপর ভরসা রাখা যাচ্ছে।

নতুন ভ্যাকসিনটি শুধু কোভিড-১৯ নয়, ক্যান্সারও সারাবে বলে দাবি করেছেন সুমি বিশ্বাস। তিনি বলেন, যে প্রযুক্তিতে এই ভ্যাকসিন তৈরি হয়েছে তার মাধ্যমে আরও নানা ধরনের ক্রনিক রোগ সারানো সম্ভব। এটি ক্যান্সার চিকিৎসাতেও বড় ভূমিকা রাখবে।

সুমি জানান, তাদের ‘সুপারগ্লু ভ্যাকসিন’ প্রাণীদেহের পরীক্ষায় সফল হয়েছে। বাকি পরীক্ষাতেও সেটি অনায়াসে উতরে যাবে বলে আশা করছেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments