বাংলাদেশে এক টেস্টের সিরিজ খেলেই শ্রীলঙ্কা চলে গিয়েছিলো আয়ারল্যান্ড। লঙ্কানদের বিপক্ষে খেলবে ২ ম্যাচের টেস্ট সিরিজ। যার প্রথমটি শুরু হয়ে গেছে রোববার থেকে। দ্য গলে প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে রীতিমত রানের পাহাড়ে চড়েছে লঙ্কানরা।চার সেঞ্চুরির ওপর ভর করে ৬ উইকেট হারিয়ে ৫৯১ রানে ইনিংস ঘোষণা করেছে লঙ্কানরা। সেঞ্চুরি করেছেন দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল এবং সাদিরা সামারাবিক্রমা।
আইরিশ বোলিংয়ের মুখে লঙ্কানদের চার-চারজন ব্যাটার সেঞ্চুরির দেখা পেয়েছেন। এর মধ্যে অধিনায়ক দিমুথ করুনারত্নে এবং ওয়ানডাউন কুশল মেন্ডিস বড় সেঞ্চুরির দেখা পান। ১৭৯ রান করে আউট হন দিমুথ করুনারত্নে। ১৪০ রান করেন কুশল মেন্ডিস।করুনারত্নে এবং কুশল মেন্ডিস মিলে গড়ে তুলেছিলেন ২৮১ রানের বিশাল জুটি। রান বন্যার ম্যাচে কোনো রানই করতে পারেননি অ্যাঞ্জেলো ম্যাথিউজ। ১৬ রান করে আউট হন প্রবাথ জয়সুরিয়া, ধনঞ্জয়া ডি সিলভা আউট হন ১২ রান করে।
তবে ৭ম উইকেট জুটিতে ১৮৩ রানের অনেক বড় এক জুটি গড়েন দিনেশ চান্ডিমাল এবং সাদিরা সামারাভিক্রমা। ১০২ রানে চান্ডিমাল এবং ১০৪ রানে অপরাজিত থাকেন সাদিরা সামারাবিক্রমা।জবাব দিতে নেমে ৪ রানেই দুই উইকেট হারিয়ে বসে আয়ারল্যান্ড। বিশ্ব ফার্নান্দোর বোলিংয়ের মুখে শূন্য রানে মারে কোমিন্স এবং ৪ রানে আউট হন অ্যান্ডি বালবির্নি। এ রিপোর্ট লেখার সময় আয়ারল্যান্ডের রান ২ উইকেট হারিয়ে ৩৪। ১৮ রানে জেমস ম্যাককুলাম এবং ১২ রানে ব্যাট করছেন হ্যারি টেক্টর।
