এস এম আলম, ১ ফেব্রুয়ারি: পাবনার চাটমোহরের চাঞ্চল্যকর মা ও ছেলে হত্যা মামলার রহস্য উদঘাটন সহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে নিজ কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আকবর আলী মুনসী জানান, গত ২৫ শে জানুয়ারী গভীর রাতে এলাকার চিহ্নিত তিন ডাকাত উপজেলার দিঘুলিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আব্দুর রশিদের বাড়িতে হানা দেয়। এ সময় প্রবাসীর স্ত্রী লাবনী খাতুন চিৎকার করলে ডাকাতরা তাকে ওড়না পেচিয়ে হত্যা করে পরে তার ১০ বছরের সন্তান রিয়াদের ঘুম ভেঙ্গে গেলে তাকেও শ্বাস রোধ করে হত্যার পর টাকা ও স্বর্নালংকার নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ফরিদপুরের গোপালগঞ্জ থানার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তিন ডাকাতকে গ্রেফতার করে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি আবু বক্কর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল হাসিবুল বেনজির, জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইমরান মাহমুদ তুহিন, সদর থানার ওসি রওশন আলী সহ পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

