প্রথম লেগে আশ্চর্যজনকভাবে হেরে (১-০ গোলে) ব্যাকফুটে চলে গিয়েছিল বায়ার্ন মিউনিখ। তবে দ্বিতীয় লেগে ঠিকই ফিরে এসেছে জার্মান ক্লাবটি। এই লেগে ল্যাসিওকে ৩-০ গোলে হারিয়েছে মিউনিখ। দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে বুন্দেসলিগার সফলতম ক্লাবটি।ঘরের মাঠে ফিরে প্রথম লেগের পুুরো চিত্রই যেন পাল্টে দিয়েছে বায়ার্ন। ল্যাসিওর মাঠে তারা লক্ষ্যে একটি শটও নিতে পারেনি। এবার ঘরের মাঠে এনে ইতালিয়ান ক্লাব ল্যাসিওর কাছ থেকে প্রতিশোধ আদায় করে নিয়েছে বায়ার্ন। এই ম্যাচে বায়ার্ন লক্ষ্যে একটি শটও করতে দেয়নি সফরকারীদের।গতকাল মঙ্গলবার রাতে অ্যালিয়াঞ্জো অ্যারেনায় আগের ম্যাচে একটি বলও পায়ে না পাওয়া হ্যারি কেইন জোড়া গোল করেছেন। ম্যাচের ৩৮ মিনিটে প্রথম গোল করেন বায়ার্ন মিউনিখের সর্বোচ্চ গোলদাতা। দ্বিতীয় গোলটি কেইনের পা থেকে আসে ম্যাচের ৬৬ মিনিটে। বাকি গোলটি করেন টমাস মুলার, ম্যাচের প্রথমার্ধের ইনজুরি সময়ে।
