বিখ্যাত জাপানি অ্যানিমেশন সিরিজ ‘ড্রাগন বল’ এর আদলে একটি থিম পার্ক তৈরির ঘোষণা দিয়েছে সৌদি আরব। ড্রাগন বল সিরিজের স্বত্বাধিকারী জাপানভিত্তিক তোইই অ্যানিমেশন ফার্মের সঙ্গে সৌদি সরকারের বিনিয়োগ তহবিলভিত্তিক সংস্থা কিদ্দিয়া ইনভেস্টমেন্ট কোম্পানির (কিউআইসি) অংশীদারত্বে এই থিম পার্ক।সর্বকালের সবচেয়ে জনপ্রিয় ও সর্বাধিক বিক্রিত জাপানি কমিক সিরিজ ড্রাগন বলের স্রষ্টা আকিরা তোরিয়ামার মৃত্যুর কয়েক সপ্তাহের মাথায়ই সৌদিতে এই থিম পার্ক নির্মাণের ঘোষণা এলো। টোরিয়ামা চলতি বছরের ১ মার্চ, ৬৮ বছর বয়সে মারা যান।
জানা গেছে, সৌদির রাজধানী রিয়াদের কাছে কিদ্দিয়া নামক একটি বিশাল বিনোদন ও পর্যটন প্রকল্পের নির্মাণকাজ চলছে। সেখানেই থিম পার্কটি তৈরি করতে যাচ্ছে কিউআইসি। কিদ্দিয়া ইনভেস্টমেন্ট কোম্পানি জানিয়েছে, থিম পার্কটি ৫ লাখ বর্গ মিটারেরও বেশি এলাকা জুড়ে তৈরি করা হবে। আর এটির কেন্দ্রে ২২৯ দশমিক ৬ ফুট উচ্চতার একটি ড্রাগন থাকবে। সেই সঙ্গে থাকবে অন্তত ৩০টি রাইড।
থিম পার্কটি নির্মাণে ড্রাগন বলের জাপানি ফ্র্যাঞ্চাইজি সংস্থা টোই অ্যানিমেশন ও সৌদির কিউআইসির মধ্যে দীর্ঘমেয়াদি একটি অংশীদারত্ব চুক্তি হয়েছে। ড্রাগন বলের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, পার্কের ভেতরে একটি রোলার কোস্টার থাকবে। সেটি বানানো হবে শেনরন ড্রাগনের আদলে।
এদিকে কিছু ড্রাগন বল ভক্ত যদিও থিম পার্কের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে। তবে অনেকেই সৌদি আরবের এমন ড্রাগনের থিম পার্ক গড়ার সিদ্ধান্তের সমালোচনা করছে সোশ্যাল মিডিয়ায়।
