কলকাতায় বাংলাদেশের উপ-দূতাবাসে যথাযত মর্যাদায় ৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে।মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মঙ্গলবার (২৬ মার্চ) সকালে কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাস চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস। পরে জাতীয় সংগীতে কণ্ঠ মেলান কলকাতাস্থ বাংলাদেশের উপ-হাইকমিশনের কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা।
মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয় পুস্পস্তবক অর্পণ করেন উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াসসহ মিশনের কর্মকর্তারা।উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস-এর নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও কলকাতায় সোনালী ব্যাংক লিমিটেড, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর বাংলাদেশের গ্যালারীতে আয়োজিত অনুষ্ঠানে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরবর্তীতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর প্রেরিত বাণী পাঠ করে শোনান রিয়াজুল ইসলাম (শিক্ষা ও ক্রিয়া), এএসএম আলমাস হোসেন কাউন্সিলর (কনস্যুলার), মো. শামসুল আরিফ প্রথম সচিব (বাণিজ্য)।এদিনের অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে আন্দালিব ইলিয়াস বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে চূড়ান্ত আত্মত্যাগের মাধ্যমে ছিনিয়ে আনা হয়েছিল স্বাধীনতা।তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের বাংলাদেশকে বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্ব দিচ্ছেন।অনুষ্ঠানটি পরিচালনা করেন উপ-কমিশনের দ্বিতীয় সচিব শেখ মারেফাত তারিকুল ইসলাম। বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
