এস এম আলম, ২৭ জুন: যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে পাবনায় অনুষ্ঠিত হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা। শুক্রবার বিকেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শহরের শালগাড়িয়া শ্রী শ্রী জয়কালী মন্দির থেকে এবং এর কিছু সময় পরে ঐতিহ্যাবাহী রাধানগর রথঘর থেকে আলাদাভাবে দুটি রথযাত্রা বের করা হয়। রথযাত্রা দুটি শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ সড়ক প্রদক্ষিণ করে। হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন বয়সের শত শত নারী-পুরুষ রথযাত্রায় অংশগ্রহণ করে রথ টেনে নিয়ে যান। রথযাত্রায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাবনা সদর উপজেলার সভাপতি প্রভাষ ভদ্র, পূজা উদযাপন পরিষদ পাবনা জেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক অচিন্ত কুমার ঘোষ, আহবায়ক শ্রী শ্রী জয়কালীবাড়ি মন্দির শুভ সান্যাল, পৌর শাখার সাধারন সম্পাদক দিপঙ্কর সরকার জিতু সহ নেতৃবৃন্দ। এদিকে, পাবনার বিভিন্ন উপজেলাতেও যথাযোগ্য মর্যাদায় রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসব উপলক্ষে বিভিন্ন মন্দির প্রাঙ্গণে নানা পসরা নিয়ে বসে গ্রামীণ মেলা।

