এস এম আলম, ২৩ সেপ্টেম্বর: সামান্য বৃষ্টিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা এমন চিত্র চোখে পড়বে শহরের প্রবেশদ্বার খ্যাত পাবনা আতাইকুলা সড়কের। পানির মধ্যেই চলাচল করছে বিভিন্ন যানবাহন। শুধু তাই নয় শহরের বিভিন্ন সড়ক থেকে উঠে গেছে বিটুমিন আর খোয়া। সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। ঝুঁকি নিয়েই চলাচল করছে যানবাহন। প্রায়ই ঘটে দুর্ঘটনা। এমন চিত্র চোখে পড়বে আতাইকুলা সড়ক, খেয়াঘাট রোড, হাসপাতাল রোড, পারহাউজ রোড, শালগাড়িয়া বাংলা বিড়ি গলি সহ বিভিন্ন স্থানে। আতাইকুলা সড়কের হার্ডওয়ার ব্যবসায়ী দুলাল হোসেন ৪২ বছর ধরে ব্যবসা পরিচালনা করে আসছেন। বৃষ্টির পানিতে জলাবদ্ধতায় তেমন বেচাকিনা হয় না। কষ্টে দিন পার করছে তিনি। শুধু তিনিই নয় অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠানের একই অবস্থা। শহরের বেশিরভাগ সড়কের এমন বেহাল দশা। একটু বৃষ্টিতে সড়কে জমে যায় পানি। মাঝারি বা ভারি বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। অনুন্নত ড্রেনেজ ব্যবস্থার কারণে পানি জমে থাকে দীর্ঘক্ষণ। পথচারি থেকে যানবাহন চালক, বছরের পর বছর দুর্ভোগ পোহাতে হচ্ছে সবাইকেই। সড়ক সংষ্কারে সুনজর নেই কর্তৃপক্ষের অভিযোগ স্থানীয়দের। পাবনা পৌরসভার সহকারী প্রকৌশলী মো: ওবায়েল উল হক বলেন, ইতিমধ্যে সড়ক গুলোর টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। এই সপ্তাহের শেষ দিকে প্রকল্প পরিচালক অনুমোদন দিলেই সড়কের সংষ্কার কাজ শুরু হবে। অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক জাহাঙ্গীর আলম জানান, আগামী ডিসেম্বরের মধ্যে পাবনার পৌরসভার অন্তর্গত নতুন রাস্তা নির্মাণ ও মেরামতের জন্য এবং জনগনের দুর্ভোগ হ্রাস করার জন্য উদ্যোগ নেয়া হয়েছে।

