এস এম আলম, ২৪ ফেব্রুয়ারি: এবারের রমজানে পাবনায় জমে উঠেছে ইফতারের বাজার। প্রতিদিনই বিকাল থেকে ইফতারের দোকান গুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়। বিক্রেতাদের হাঁক-ডাক আর ক্রেতাদের ক্রয় উৎসবে জমজমাট হয়ে উঠেছে ইফতার বাজারগুলো। পাবনা শহরের রূপকথার কাব্য, প্যারাডাইস, আব্দুল হামিদ রোড সহ বিভিন্ন বাজার পাড়া মহল্লায় অস্থায়ীভাবে গড়ে ওঠা ইফতারির দোকান গুলোতে দুপুরের পর থেকেই ইফতার তৈরি হচ্ছে। মৌসুমি ব্যবসায়ী সহ বিভিন্ন হোটেল-রেস্তোরাঁ, মিষ্টি ও খাদ্যদ্রব্যের দোকানের সামনে কাপড় টানিয়ে বসেছে বাহারি এসব ইফতারির দোকান। ছোলা, বুন্দি, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, খেজুর, ডিম চপ, জিলাপি, ঘোল, হালিম সহ রকমারি সব ইফতারের আয়োজন।
