এস এম আলম, ২৮ জুলাই: পাবনায় “ন্যায়ের পক্ষে আপোষহীন নজরুল” শীর্ষক আলোচনা সভা, কবি নজরুলের সাহিত্য পাঠ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, পাবনা এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইন্সটিটিউট, ঢাকা-এর যৌথ আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমি, পাবনা-এর সার্বিক সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, সাহিত্যিক, সাহিত্যপ্রেমী, শিক্ষার্থী ও সুধীজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনায়তন প্রাণচাঞ্চল্যে মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠানে জেলা প্রশাসক আমিনুল ইসলাম এর সভাপতিত্বে করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, সাহিত্যিক ও নির্বাহী পরিচালক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইন্সটিটিউট ঢাকা মোঃ লতিফুল ইসলাম শিবলী। আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার এবং অধ্যাপক পাবনা সরকারি মহিলা কলেজ আখতারুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, প্রেসক্লাবেন সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম সহ সাংবাদিকবৃন্দ ও শিক্ষক ছাত্রছাত্রীবৃন্দ। উক্ত অনুষ্ঠানে আলোচনা পর্বে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন, সাম্য, মানবতা, অসাম্প্রদায়িক চেতনা এবং ন্যায়ের পক্ষে তাঁর আপোষহীন অবস্থানের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, বিদ্রোহ, সাম্য ও মানবমুক্তির চিরন্তন কবি নজরুলের সাহিত্য আজও অন্যায়, বৈষম্য ও শোষণের বিরুদ্ধে মানুষকে সাহস ও প্রেরণা জোগায়। তাঁর আদর্শ নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ, ন্যায়বোধ ও মুক্তচিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।পরবর্তীতে নজরুল সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের পরিবেশনায় জাতীয় কবির সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার শৈল্পিক প্রতিফলন ঘটে, যা উপস্থিত দর্শক-শ্রোতাদের গভীরভাবে মুগ্ধ করে।
পাবনায় নজরুল শীর্ষক আলোচনা সভা, কবি নজরুলের সাহিত্য পাঠ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
RELATED ARTICLES
