এস এম আলম, ১৫ আগস্ট: দীর্ঘদিন ধরে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থের অপেক্ষায় থাকা এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অর্থ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। দেশের ৬৪ জেলায় একযোগে অবসর সুবিধা বোর্ড ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ কার্যক্রম শুরু হয়। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৬৪ জেলার মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাবনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফ, জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, বাংলা টিভির জেলা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক এস এম আলম সহ জেলার প্রশাসনিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

