দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে এক পরিবর্তন নিয়ে স্কোয়াড সাজিয়েছে অস্ট্রেলিয়া। জেক ওয়েদারাল্ডকে বাদ দিয়েছে অস্ট্রেলিয়া। তার জায়গায় দলে ডাক পেয়েছেন ম্যাট রেনশ। ডারউইনে প্রথম টেস্টে নয় উইকেটে হারের পর ১৩ সদস্যের দলে এটিই একমাত্র পরিবর্তন।প্রথম টেস্টের দুই ইনিংসে ওয়েদারাল্ড করেন ২৩ ও ০ রান। গত অ্যাশেজসহ অস্ট্রেলিয়ার হয়ে ছয় টেস্টে তার মোট রান ২২৪, গড় ২০.৩৬। বাংলাদেশের বিপক্ষে দুই ইনিংসেই হাসান মাহমুদের বলে আউট হন তিনি।ওয়েদারাল্ডের বাদ পড়ার বিষয়টি দুই লাইনের বিবৃতিতে নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
অন্যদিকে প্রায় তিন বছর পর টেস্ট দলে ফিরেছেন রেনশ। সর্বশেষ ২০২৩ সালে টেস্ট খেলেছিলেন তিনি। চলতি সিরিজের আগে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার দলের সঙ্গে অনুশীলন করে স্ট্যান্ডবাই হিসেবে ছিলেন রেনশ।গত শেফিল্ড শিল্ড মৌসুমে ৪৯.৯০ গড়ে ৩টি সেঞ্চুরি করেন তিনি। টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত ১৪ ম্যাচে তার গড় ২৯.৩১, সর্বোচ্চ ইনিংস ১৮৪ রান। ম্যাকেইতে রেনশ খেললে এটি হবে তার ক্যারিয়ারের ১৫তম টেস্ট।
দ্বিতীয় টেস্টের অস্ট্রেলিয়া দল
ট্রাভিস হেড, ম্যাট রেনশ, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বিউ ওয়েবস্টার, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজেলউড, জশ ইংলিস ও স্কট বোল্যান্ড।
