এস এম আলম, ৩ অক্টোবর: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন কর্মসূচির অংশ হিসেবে পাবনা জেলা ও দায়রা জজ আদালত এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে সকালে আদালত প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। পাবনা বিচার বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফ‚র্ত অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন পাবনার ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ তানবীর আহমেদ এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম সহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ ও জেলা ও দায়রা জজ আদালত এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকবৃন্দ। উদ্বোধন শেষে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আদালত প্রাঙ্গণের আশপাশে একটি সংক্ষিপ্ত সচেতনতামূলক র্যালী অনুষ্ঠিত হয়। পরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে পরিচ্ছন্নতা কার্যক্রমের গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং এ বিষয়ে করণীয় সম্পর্কে নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করে আগামী তিন মাস নিয়মিতভাবে এ পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করা হয়।পরিশেষে, বিচার বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে আদালত প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি পাবনা পৌরসভার সহযোগিতায় ফগার মেশিনের মাধ্যমে আদালত প্রাঙ্গণে মশা নিধনের লক্ষ্যে ধোঁয়া ও কীটনাশক ছিটানো হয়। এ কর্মসূচির মাধ্যমে আদালত প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা, ডেঙ্গুর ঝুঁকি হ্রাস এবং বিচার বিভাগে স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়।




