এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদকের ম্যাচেও হারলো বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ৬৩ রানে হেরে পদক ছাড়াই বিদায় নিলো বাংলাদেশ দল।শনিবার (৩ অক্টোবর) জাপানের নিশিনে শ্রীলঙ্কার দেওয়া ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১০২ রানে অলআউট হয়েছে লিটন কুমার দাসের দল।লক্ষ্য তাড়া করতে নামা বাংলাদেশের প্রথম তিন ব্যাটারের কেউই খুলতে পারেননি রানের খাতা। সাইফ হাসান, তানজিদ হাসান তামিম ও অধিনায়ক লিটন কুমার দাস সাজঘরে ফিরেছেন ব্যক্তিগত ০ রানে। ফলে ৪ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ।

শুরুর এই ধাক্কা আর সামাল দিয়ে উঠতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন নাসুম আহমেদ। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেন পারভেজ হোসেন ইমন। ২১ আসে ইয়াসির আলীর ব্যাটে। ১১ রান করেন তাওহিদ হৃদয় ও ১০ রান রিশাদ হোসেন করেন।শ্রীলঙ্কার হয়ে সমান দুটি করে উইকেট শিকার করেন নুয়ান থুসারা, থারিন্দু রত্মায়েক, বিজয়কান্ত ভিয়াসকান্ত ও ওয়ানুজা শাহান। একটি করে পেয়েছেন আরচাগে ও দুশন হেমন্থ।এর আগে, টস জিতে ব্যাটিং করতে নামা শ্রীলঙ্কা ৯ উইকেট হারিয়ে ১৬৫ রানের লক্ষ্য দাঁড় করায়। যদিও বাংলাদেশের বোলাররা দারুণ বোলিংয়ে লঙ্কানদের ৫ উইকেট তুলে নেয় ৫৪ রানেই।এরপর থারিন্দু রত্মায়েক ও অধিনায়ক শাহান আরচাগে ৯৩ রানের জুটিতে ম্যাচে ফেরান লঙ্কানদের। ৩২ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৬৫ রান করেন রত্মায়েক। তিনি ফিরলে ভাঙে জুটি। অধিনায়ক আরচাগে করেন ৩৩ রান।শেষ পর্যন্ত পুরো ২০ ওভারে খেলে ১৬৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করায় শ্রীলঙ্কা। দুটি করে উইকেট শিকার করেন বাংলাদেশের শেখা মাহেদি হাসান, সাইফ হাসান ও মোস্তাফিজুর রহমান। একটি করে আলিস আল ইসলাম ও রিশাদ হোসেন।


