আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন বৃদ্ধি, অভিযোজন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন ও জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর কাছে প্রতিশ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।শুধু ঘোষণায় নয় বরং জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের জীবনে কতটা ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হচ্ছে তার ওপর নির্ভর করবে কপ-৩১ সম্মেলনের সাফল্য- এমনটাই জানিয়েছে বাংলাদেশ। আর ২০৩৫ সালের আগেই অভিযোজন খাতে বার্ষিক অর্থায়ন ১২০ বিলিয়ন ডলারে উন্নীত করার দাবি জানানো হয়েছে।শুক্রবার (১৩ নভেম্বর) আনতালিয়ায় কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবি ও আলোচনার অগ্রগতি তুলে ধরেন বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম প্রমুখ।সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্মেলনের আনুষ্ঠানিক আলোচনার প্রথম চার দিন শেষ হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা চললেও বেশ কিছু জটিল ইস্যুতে এখনও সমঝোতা হয়নি। কোনো চূড়ান্ত সিদ্ধান্তেও পৌঁছাতে পারেনি দেশগুলো।বাংলাদেশের প্রতিনিধিদল জানায়, চলমান আলোচনায় একটি ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফলাফল অর্জনে স্বল্পোন্নত দেশগুলোর জোট (এলডিসি গ্রুপ), জি৭৭ ও চীনসহ অন্যান্য অংশীদারের সঙ্গে কাজ করছে বাংলাদেশ।জলবায়ু অর্থায়নকে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থার অন্যতম প্রধান বিষয় হিসেবে উল্লেখ করেছে বাংলাদেশ। এলডিসি গ্রুপের পক্ষ থেকে ২০৩৫ সালের আগেই অভিযোজন খাতে বার্ষিক অর্থায়ন ১২০ বিলিয়ন ডলারে উন্নীত করার দাবি জানানো হয়েছে।একই সঙ্গে উন্নত দেশগুলোর পূর্বঘোষিত জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন, সহজে পাওয়া যায় এমন অনুদানভিত্তিক অর্থায়ন বৃদ্ধি এবং জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।প্রতিনিধিদলের মতে, জলবায়ু অর্থায়ন যেন কেবল জাতীয় পর্যায়ে সীমাবদ্ধ না থাকে, বরং সরাসরি স্থানীয় জনগোষ্ঠীর কাছে পৌঁছায়। অভিযোজন কার্যক্রমও পরিকল্পনার মধ্যে আটকে না রেখে দ্রুত বাস্তবায়নে নিতে হবে।এছাড়া অভিযোজনের অগ্রগতি পরিমাপের সূচকগুলোতে মানুষের সহনশীলতার বাস্তব উন্নতি প্রতিফলিত হওয়ার পাশাপাশি অপ্রয়োজনীয় প্রতিবেদন তৈরির চাপ এড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ।জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় গঠিত ফান্ড ফর রেসপন্ডিং টু লস অ্যান্ড ড্যামেজে আরও অর্থায়ন ও দ্রুত সহায়তা দেওয়ার কার্যকর ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশের প্রতিনিধিদল।পাশাপাশি অভিযোজন বিষয়ে বৈশ্বিক লক্ষ্য বাস্তবায়ন, প্রশমন কার্যক্রম এগিয়ে নেওয়া এবং বিভিন্ন দেশের জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।সংবাদ সম্মেলনে বিশ্ব আবহাওয়া সংস্থার ২০২৬ সালের জলবায়ু হালনাগাদ তথ্য তুলে ধরে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বৈশ্বিক তাপমাত্রা প্রাক্-শিল্প সময়ের তুলনায় প্রায় ১ দশমিক ৪৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

বাংলাদেশে ঘূর্ণিঝড়, বন্যা, লবণাক্ততার অনুপ্রবেশ ও তাপপ্রবাহ মানুষের জীবন-জীবিকা এবং উন্নয়নের অর্জনকে ক্রমাগত হুমকির মুখে ফেলছে।বিশ্বের মোট গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। তবে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নিজেদের দায়িত্ব পালনে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানানো হয়।দেশটির সর্বশেষ জলবায়ু পরিকল্পনা এনডিসি ৩.০ অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে নিজস্ব অর্থায়নে স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রমের তুলনায় ৬ দশমিক ৩৯ শতাংশ কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক সহায়তা পাওয়া গেলে আরও ১৩ দশমিক ৯২ শতাংশ নিঃসরণ কমানোর পরিকল্পনা রয়েছে।জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন, বৃক্ষরোপণ, খাল পুনরুদ্ধার, আগাম সতর্কীকরণ ব্যবস্থা শক্তিশালী করা এবং স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে অভিযোজন কার্যক্রম পরিচালনার কথা তুলে ধরে বাংলাদেশ।এসব উদ্যোগ জলবায়ু সহনশীলতা বাড়ানোর পাশাপাশি পরিবেশবান্ধব কর্মসংস্থান সৃষ্টিতেও ভূমিকা রাখতে পারে বলে মনে করছে প্রতিনিধিদল। তবে জাতীয় পর্যায়ের উদ্যোগ সফল করতে আন্তর্জাতিক সহযোগিতা ও অর্থায়ন অপরিহার্য বলেও উল্লেখ করা হয়।এদিকে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের ঘোষণায় বাংলাদেশ প্রথম পাঁচটি দেশের মধ্যে রয়েছে, যারা প্রত্যেকে ৩০ মিলিয়ন ডলার করে পাওয়ার কথা রয়েছে। এ অর্থ উপকূলীয় অবকাঠামো শক্তিশালী করা এবং জলবায়ুবান্ধব কৃষি সম্প্রসারণে সহায়তা করবে।জলবায়ুসম্পর্কিত বাণিজ্যিক পদক্ষেপ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজমের (সিবিএএম) মতো নীতির কারণে উন্নয়নশীল দেশগুলোর ব্যবসা, শ্রমিক ও রপ্তানি খাত অসম চাপে পড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছে প্রতিনিধিদল।
বাংলাদেশের মতে, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গৃহীত নীতিমালা অবশ্যই ন্যায্য হতে হবে ও প্যারিস চুক্তির মূলনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে।প্রতিনিধিদল বলেছে, কপ-৩১-এর সাফল্য সিদ্ধান্তের সংখ্যা কিংবা দৈর্ঘ্য দিয়ে বিচার করা যাবে না। আনতালিয়া সম্মেলন শেষে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর কাছে প্রতিশ্রুত সহায়তা পৌঁছানো, মানুষের জীবিকা সুরক্ষা এবং ন্যায়সংগত ও জলবায়ু-সহনশীল ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে কতটা অগ্রগতি হলো, সেটিই হবে সম্মেলনের প্রকৃত সাফল্যের মাপকাঠি।


