মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন। আগামী সপ্তাহে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে হোয়াইট হাউজ।শুক্রবার (১৩ নভেম্বর) হোয়াইট হাউজের মুখপাত্র অলিভিয়া ওয়েলস সাংবাদিকদের জানান, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তিন নেতা বৈঠক করবেন। বৈঠকে বিশ্বের পারমাণবিক অস্ত্রের মজুত কমানোর বিষয়টি গুরুত্ব পাবে বলে জানিয়েছেন তিনি।ওয়েলস বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেছেন, অন্যান্য বিষয়ের পাশাপাশি বিশ্বে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানোর বিষয়েও আলোচনা করবেন। ট্রাম্প মনে করেন, পারমাণবিক অস্ত্রের বিস্তার অত্যন্ত বিপজ্জনক।যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর যেসব বড় সংঘাত তার শাসনামলকে প্রভাবিত করছে, তার একটি নিয়ে তিন নেতার বৈঠকে আলোচনা হবে। তবে অন্যটি আলোচনায় আসবে না।এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে এক ফোনালাপে নাম প্রকাশ না করার শর্তে বলেন, ট্রাম্প ত্রিপক্ষীয় বৈঠকে শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইরান নিয়ে আলোচনা করতে চান।

তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার পরিকল্পনা নেই ট্রাম্পের। ওই কর্মকর্তা জানান, ইউক্রেন যুদ্ধ বন্ধে কিয়েভ ও মস্কোর সঙ্গে ওয়াশিংটনের আলাদা আলোচনা চলছে। সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন প্রতিনিধিরা পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন।ওই কর্মকর্তা বলেন, চীন এই আলোচনাপ্রক্রিয়ার অংশ নয়। তাই ত্রিপক্ষীয় বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা উপযুক্ত হবে বলে মনে করছে না ওয়াশিংটন।ট্রাম্পের চীন সফরে তার সঙ্গে থাকবেন টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। তবে শি জিনপিং ও পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকে মাস্ক অংশ নেবেন না বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও কার্যকরী মধ্যাহ্নভোজেও অংশ নেবেন ট্রাম্প। গত বছর ক্ষমতায় ফেরার পর চীনা প্রেসিডেন্টের সঙ্গে এটি হবে তার চতুর্থ বৈঠক। তবে পুতিনের সঙ্গে আলাদা কোনো একান্ত বৈঠকের সূচি নেই ট্রাম্পের।এদিকে, এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের পদত্যাগ এবং চীনা গুপ্তচর বলে সন্দেহ করা এক নারীর সঙ্গে তার সম্পর্কের বিষয়টি ট্রাম্পের চীন সফরের আলোচনায় আসার সম্ভাবনা নেই। মার্কিন কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
দ্বিতীয় এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, এনভিডিয়াকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির সঙ্গে এই সফরের তেমন কোনো সম্পর্ক থাকার কথা নয়। সংবেদনশীল প্রযুক্তির চিপ রপ্তানিতে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়েও চীনের সঙ্গে আলোচনার পরিকল্পনা নেই ওয়াশিংটনের। এনভিডিয়া-সংক্রান্ত বিতর্কে এ বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল।ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ নিয়ে তারা আলোচনা করেন না। এসব জাতীয় নিরাপত্তার বিষয়, যা মার্কিন প্রশাসন নিজস্ব প্রক্রিয়ায় নির্ধারণ করে। চীন সফরে এ বিষয়টি আলোচনায় আসবে বলেও তারা মনে করছেন না।সোমবার (১৬ নভেম্বর) ওয়াশিংটন ছাড়বেন ট্রাম্প। মঙ্গলবার (১৭ নভেম্বর) ফিলিপাইনে পৌঁছে আসিয়ান সম্মেলনে অংশ নেবেন তিনি। এরপর সেখান থেকে চীনের শেনজেনের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।
সুত্র: এএফপি


