দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ফটোকার্ড তৈরি এবং গুজব ছড়ানোর পেছনে রাজনৈতিক কারণই প্রধান। প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে দেশে গুজব দ্রুত ছড়িয়ে পড়ছে। গুজব শনাক্তের প্রযুক্তি থাকলেও অনেকে নিজস্ব উদ্দেশ্য হাসিলে জেনে-বুঝেই এসব অপতথ্য শেয়ার করছেন। এ ধরনের অপতথ্য প্রতিরোধে রাষ্ট্রের স্বার্থেই সরকারের সাইবার সেল থাকা উচিত।আগামী পাঁচ বছরে ভুয়া কনটেন্টের ঝুঁকি আরও বহুগুণ বেড়ে যেতে পারে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাতে পারে, যখন অনলাইনে কোনো তথ্যই বিশ্বাস করা কঠিন হয়ে পড়বে। এসব কথা বলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) অধ্যাপক মো. ফজলুল করিম পাটোয়ারী। সাক্ষাৎকার নিয়েছেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক এমদাদুল হক তুহিন।

মো. ফজলুল করিম পাটোয়ারী: বর্তমানে ভুয়া তথ্য ও গুজব ছড়ানোর অন্যতম প্রধান কারণ রাজনৈতিক। রাজনীতির বাইরেও প্রাকৃতিক দুর্যোগ, মহামারি কিংবা বিভিন্ন সংকটের সময় গুজব ছড়ানোর প্রবণতা দেখা যায়। তবে বর্তমান সময়ে রাজনৈতিক বিষয়কে কেন্দ্র করেই এ ধরনের অপতথ্য বেশি ছড়াচ্ছে। কারণ, দেশের মানুষের মধ্যে রাজনীতি নিয়ে আগ্রহ ও আলোচনা এখন অনেক বেশি।প্রযুক্তির সঙ্গে গুজবের সম্পর্ক মূলত এর দ্রুত প্রচারক্ষমতার জায়গায়। আগে তথ্য প্রচারের প্রধান মাধ্যম ছিল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া- যেমন সংবাদপত্র, টেলিভিশন ও রেডিও। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারের ফলে এখন যেকোনো বিভ্রান্তিকর তথ্য আগের মাধ্যমগুলোর তুলনায় কয়েকশ গুণ দ্রুত ছড়িয়ে পড়ার সুযোগ পাচ্ছে। কখনো কখনো অল্প সময়ের মধ্যেই একটি ভুয়া তথ্য ভাইরাল হয়ে যাচ্ছে। অর্থাৎ, প্রযুক্তি গুজব তৈরির চেয়ে এর দ্রুত বিস্তারকে অনেক বেশি সহজ করে দিয়েছে।
মো. ফজলুল করিম পাটোয়ারী: এটি শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের জন্যই একটি বড় চ্যালেঞ্জ। যারা উদ্দেশ্যমূলকভাবে ভুয়া ফটোকার্ড তৈরি করে, তারা অনেক সময় পরিচিত ও বিশ্বাসযোগ্য গণমাধ্যমের লোগো ব্যবহার করে। এর ফলে সাধারণ ব্যবহারকারীরা সহজেই বিভ্রান্ত হন।এখানে ব্যবহারকারীদের মনস্তাত্ত্বিক বিষয়টিও গুরুত্বপূর্ণ। অধিকাংশ মানুষ তথ্য যাচাই করার নিয়ম জানেন না। আবার অনেক ক্ষেত্রে যাচাই করার চেষ্টাও করেন না। কারণ, প্রচারিত তথ্যটি অনেক সময় তাদের আবেগ, অনুভূতি, রাজনৈতিক সমর্থন কিংবা রাগ-ক্ষোভের সঙ্গে মিলে যায়। ফলে তথ্যটি সত্য কি না, তা যাচাই করার প্রয়োজন তারা অনুভব করেন না। বরং ওই তথ্য থেকে একধরনের মানসিক তৃপ্তি পান এবং সেটি অন্যদের কাছে ছড়িয়ে দেন।
তবে ভুয়া ফটোকার্ড শনাক্ত করার কিছু উপায় রয়েছে। প্রথমত, সংশ্লিষ্ট খবরটি নির্ভরযোগ্য সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে কি না, তা দেখতে হবে। দ্বিতীয়ত, খবরটির উৎস, প্রকাশের সময়, ঘটনার স্থান, সংশ্লিষ্ট ব্যক্তি ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য যাচাই করতে হবে। অর্থাৎ, খবরটির যথাযথ তথ্যসূত্র ও প্রেক্ষাপট আছে কি না, সেটি দেখতে হবে।
সাধারণত গুজবের ক্ষেত্রে নির্ভরযোগ্য সূত্রের উল্লেখ থাকে না। অনেক সময় দেখা যায়, যে খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়াচ্ছে, সেটির কোনো অস্তিত্ব প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমে নেই। অথচ ব্যবহারকারীরা এসব যাচাই না করেই শেয়ার করছেন।এভাবে বিভিন্ন গ্রুপে একটি ভুয়া তথ্য ছড়িয়ে পড়ে। একটি গ্রুপের সদস্যরা সেটি অন্য গ্রুপে শেয়ার করেন। এভাবে জ্যামিতিক হারে এর বিস্তার ঘটতে থাকে। বিশেষ করে কোনো তথ্য এমন একটি গ্রুপে ছড়িয়ে পড়লে, যেখানে সদস্যদের ওই বিষয়ে আগ্রহ বেশি, তাহলে সেটি দ্রুত ভাইরাল হয়ে যেতে পারে।
মো. ফজলুল করিম পাটোয়ারী: এক কথায় বলতে গেলে, বর্তমান সময়ে সাধারণ মানুষের পক্ষে এআই দিয়ে তৈরি কনটেন্ট শনাক্ত করা খুব কঠিন। তবে যারা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করেন, তাদের জন্য বিশেষ সফটওয়্যার ও প্রোগ্রামিংয়ের মাধ্যমে এসব কনটেন্ট পরীক্ষা করার সুযোগ রয়েছে।সাধারণ ব্যবহারকারীদের জন্যও কিছুটা সুযোগ আছে। এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিওতে অনেক সময় কিছু অস্বাভাবিক বৈশিষ্ট্য দেখা যায়। সেগুলো প্রকৃত ছবি বা ভিডিওর তুলনায় কিছুটা ভিন্ন হতে পারে। তবে প্রযুক্তি যত উন্নত হচ্ছে, এসব পার্থক্যও তত কমে আসছে।আমি লক্ষ্য করেছি, অনেক সাধারণ ব্যবহারকারী এখন এআই দিয়ে তৈরি কনটেন্ট কিছুটা চিনতে পারছেন। আমার ধারণা, ধীরে ধীরে মানুষ এ বিষয়ে আরও অভিজ্ঞ হয়ে উঠবেন। ভবিষ্যতে তারা সহজেই বুঝতে পারবেন কোনটি এআই দিয়ে তৈরি আর কোনটি ডিপফেকের মাধ্যমে তৈরি করা হয়েছে। তবে এই মুহূর্তে সাধারণ মানুষের জন্য বিষয়টি মোটেও সহজ নয়।
মো. ফজলুল করিম পাটোয়ারী: অবশ্যই এটি অত্যন্ত উদ্বেগজনক। কারণ, এ ধরনের ভুয়া তথ্য মুহূর্তের মধ্যেই সমাজে হিংসা, হানাহানি ও উদ্বেগ তৈরি করতে পারে। সাম্প্রতিক সময়েও আমরা বিভিন্ন স্পর্শকাতর বিষয় নিয়ে এমন অনেক ভুয়া খবর ছড়াতে দেখেছি। কোনো সংসদ সদস্যের পদত্যাগ, কোথাও চলে যাওয়া কিংবা ক্যান্টনমেন্টে অবস্থান করার মতো নানা দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে। এসব তথ্য অনেকের মধ্যে উদ্বেগ তৈরি করেছে এবং কোনো কোনো ক্ষেত্রে সহিংসতায় প্ররোচিত করার উপাদান হিসেবেও কাজ করতে পারে।
এ পরিস্থিতি মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব। আমার মতে, সরকার, গণমাধ্যম ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে একটি সার্বক্ষণিক তথ্য যাচাই সেল গঠন করা প্রয়োজন। এই সেল সব সময় সক্রিয় থেকে ভুয়া খবর শনাক্ত করবে এবং দ্রুত প্রকৃত তথ্য জনগণের সামনে তুলে ধরবে।এটি শুধু সরকারের একার পক্ষে করা সম্ভব নয়। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াগুলোও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রতিটি বড় গণমাধ্যমে ভুয়া খবর শনাক্ত করার জন্য আলাদা একটি সেল থাকতে পারে। কোনো তথ্য নিয়ে সন্দেহ তৈরি হলে তারা নিজেরা যাচাই করবে অথবা সংশ্লিষ্ট বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের সহায়তা নেবে। এরপর দ্রুত জানিয়ে দেবে কোনটি ভুয়া আর কোনটি সত্য।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সরকারের বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের একটি নির্ভরযোগ্য ও সক্রিয় সেল থাকতে হবে, যারা সার্বক্ষণিকভাবে এসব বিষয় পর্যবেক্ষণ করবে। রাষ্ট্র যদি হাজার হাজার সদস্যের পুলিশ বাহিনী পরিচালনা করতে পারে, তাহলে ভুয়া তথ্য শনাক্ত ও প্রতিরোধের জন্য ২০০ থেকে ৫০০ সদস্যের একটি দক্ষ কর্মীবাহিনী গঠন করতে পারবে না কেন? রাষ্ট্র ও সমাজের স্থিতিশীলতা রক্ষায় এমন উদ্যোগ অপরিহার্য।
মো. ফজলুল করিম পাটোয়ারী: শনাক্তকরণ প্রযুক্তি কিছুটা পিছিয়ে আছে, এটি অস্বীকার করার সুযোগ নেই। কারণ, প্রযুক্তির জগতে একটি নতুন প্রযুক্তি আবিষ্কৃত হলে সেটিকে প্রতিহত করার জন্য পরবর্তী সময়ে আরেকটি প্রযুক্তি তৈরি করতে হয়। অর্থাৎ, ভুয়া কনটেন্ট তৈরির নতুন প্রযুক্তি আসার পর সেটি শনাক্ত বা প্রতিরোধের প্রযুক্তি তৈরি করতে কিছুটা সময় লাগে।এটি অনেকটা ভাইরাস ও অ্যান্টিভাইরাসের মতো। কোনো নতুন ভাইরাস তৈরি হলে সেটি শনাক্ত ও প্রতিরোধের জন্য অ্যান্টিভাইরাস তৈরি করতে সময় প্রয়োজন হয়। ততক্ষণে আবার নতুন কোনো ভাইরাস চলে আসতে পারে। ভুয়া কনটেন্ট তৈরির প্রযুক্তি ও তা শনাক্ত করার প্রযুক্তির মধ্যেও একই ধরনের প্রতিযোগিতা চলছে।তবে ভুয়া তথ্য শনাক্ত করার প্রযুক্তি বর্তমানে রয়েছে। সমস্যা হচ্ছে, সব সময় সর্বশেষ প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলা সম্ভব হচ্ছে না। নতুন নতুন প্রযুক্তি আসার সঙ্গে সঙ্গে শনাক্তকরণ পদ্ধতিও উন্নত করতে হবে। এ ক্ষেত্রে গবেষণা, প্রযুক্তির ব্যবহার ও দক্ষ জনবল তৈরির ওপর গুরুত্ব দিতে হবে।
মো. ফজলুল করিম পাটোয়ারী: অবশ্যই সম্ভব। এ ধরনের প্রযুক্তি বর্তমানে রয়েছে। তবে এর পাশাপাশি মানুষের সরাসরি সম্পৃক্ততা বা হিউম্যান ইন্টারভেনশনও প্রয়োজন।প্রথমে জানতে হবে, কোনো ভুয়া খবর বা ফটোকার্ড কোথায় ও কীভাবে ছড়িয়ে পড়ছে। এরপর সেটি শনাক্ত করে প্রযুক্তির সহায়তায় পরীক্ষা করতে হবে। কোন উৎস থেকে কনটেন্টটি তৈরি হয়েছে, কখন তৈরি হয়েছে, কোন সফটওয়্যার ব্যবহার করা হয়েছে- এসব তথ্য খুঁজে বের করার সুযোগ রয়েছে। তবে প্রথমেই কাউকে না কাউকে বিষয়টি শনাক্ত করতে হবে। অর্থাৎ, প্রযুক্তি থাকলেই হবে না, সেটি পরিচালনা ও বিশ্লেষণের জন্য দক্ষ জনবলও থাকতে হবে।
এখানে একটি বড় সমস্যা হলো, কোনো কনটেন্ট ভাইরাল হয়ে গেলেও সেটি সংশ্লিষ্ট শনাক্তকারী ব্যক্তির চোখে নাও পড়তে পারে। আমার নিজের ক্ষেত্রেও এমন হয়েছে। অনেক সময় দেখি, কোনো একটি কনটেন্ট ভাইরাল হয়েছে, অথচ সেটি আমার চোখেই পড়েনি। ফলে একজন বা কয়েকজন মানুষের ওপর নির্ভর করে এ ধরনের অপতথ্য শনাক্ত করা সম্ভব নয়। এ জন্য বড় পরিসরে একটি দক্ষ কর্মীবাহিনী গড়ে তুলতে হবে, যারা প্রয়োজনীয় সফটওয়্যার, প্রযুক্তি ও অভিজ্ঞতার মাধ্যমে এসব কনটেন্ট শনাক্ত করবে।
এ ক্ষেত্রে আমার মতে, তিনটি বিষয়ে গুরুত্ব দিতে হবে।
প্রথমত, বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর সঙ্গে কার্যকর সমন্বয় ও চুক্তি করতে হবে। ভুয়া কনটেন্ট শনাক্ত হলে তা অপসারণ কিংবা এর বিস্তার সীমিত করার বিষয়ে প্ল্যাটফর্মগুলোর সহযোগিতা নিশ্চিত করতে হবে।দ্বিতীয়ত, প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতাসম্পন্ন একটি বড় দল গঠন করতে হবে। তারা ভুয়া কনটেন্ট শনাক্ত করবে এবং সেগুলোর উৎপত্তি ও সংশ্লিষ্ট উৎস খুঁজে বের করার চেষ্টা করবে।তৃতীয়ত, এ ধরনের অপরাধের বিরুদ্ধে কার্যকর আইন ও আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে। যারা উদ্দেশ্যমূলকভাবে ভুয়া তথ্য তৈরি ও প্রচার করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকতে হবে।এই তিনটি উদ্যোগ সমন্বিতভাবে বাস্তবায়ন করা গেলে ভুয়া কনটেন্ট ছড়িয়ে পড়ার প্রবণতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
মো. ফজলুল করিম পাটোয়ারী: আগামী পাঁচ বছরে ভুয়া কনটেন্টের ঝুঁকি আরও অনেক বেড়ে যাবে। এটি দ্বিগুণ বা তিন গুণও হতে পারে। কারণ, বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রযুক্তি নির্মাতা প্রতিনিয়ত এআই প্রযুক্তিকে উন্নত করছেন। এর সঙ্গে পাল্লা দিয়ে ভুয়া কনটেন্ট তৈরির সক্ষমতাও বাড়ছে। আমরা একদিকে এসব কনটেন্ট শনাক্ত ও প্রতিরোধের প্রযুক্তি তৈরি করব, অন্যদিকে নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে আরও উন্নত ভুয়া কনটেন্ট তৈরি হবে।
বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। ভবিষ্যতে এমন পরিস্থিতি তৈরি হতে পারে, যখন ছবি, ভিডিও কিংবা অডিও দেখে কোনো কিছুর সত্যতা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। এমনকি মানুষের মুখোমুখি সাক্ষাৎ বা সরাসরি বৈঠক ছাড়া কারও বক্তব্য, মনোভাব কিংবা অবস্থান বিশ্বাস করাও কঠিন হয়ে যেতে পারে।আরও বিস্তৃতভাবে চিন্তা করলে, ভবিষ্যতে মানুষের আচরণ ও সামাজিক যোগাযোগের ধরনেও বড় পরিবর্তন আসতে পারে। বিভিন্ন গোষ্ঠী প্রযুক্তির মাধ্যমে মানুষের আচরণ ও জনমতকে প্রভাবিত করার চেষ্টা করবে। একপর্যায়ে রাষ্ট্রের প্রচলিত নিয়ন্ত্রণব্যবস্থাও বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। বিষয়টি আরও বিস্তৃত আলোচনার দাবি রাখে। তবে এটুকু নিশ্চিতভাবে বলা যায়, আগামী পাঁচ থেকে দশ বছরে ভুয়া কনটেন্ট শনাক্ত করা ও তথ্যের সত্যতা নিশ্চিত করা বর্তমানের তুলনায় অনেক বেশি কঠিন হয়ে উঠবে।
মো. ফজলুল করিম পাটোয়ারী: আপনাকেও ধন্যবাদ।


