জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ ভাংচুর ও কর্মরত চিকিৎসক ডা. মো. লুতফর রহমান (ইউএইচএন্ডএফপিও, সদর), ডা. চিরঞ্জীব সরকার (ইএমও) ও ডা. হাবিবুল্লাহসহ অন্যান্য স্টাফদের ওপর বর্বরোচিত হামলা করায় তীব্র নিন্দা জানিয়েছে বিএমএ নেতারা।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এবং মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী সোমবার এক লিখিত বিবৃতিতে বলেন, গত ২৫ ডিসেম্বর একজন রোগীর চিকিৎসাকে কেন্দ্র করে একদল দুষ্কৃতিকারী চিকিৎসকদের ওপর বর্বরোচিত হামলা চালায়।এ ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন জামালপুর শাখা কর্তৃক গৃহীত সকল কর্মসূচিকে কেন্দ্রীয় বিএমএ’র পক্ষ থেকে একাত্মতা প্রকাশ করছে।
বিএমএ নেতারা অবিলম্বে সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদেরকে গ্রেফতার ও কর্তব্যে অবহেলাকারী জামালপুর সদর থানার ওসিকে প্রত্যাহারের দাবি জানান।একই সঙ্গে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং দেশের সকল হাসপাতাল ও চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্বরত চিকিৎসক, নার্স ও স্টাফদের নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার জন্যও দেশের সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানান বিএমএ নেতারা।
