নারী ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা উইকেটরক্ষক ইংল্যান্ডের সারাহ টেলর। উইকেটের পেছনে গ্লাভস হাতে তার ক্ষিপ্রতার নজির অনেকবার দেখেছে ক্রিকেট বিশ্ব। ব্যাট হাতেও কম যেতেন না এ সুন্দরী ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটে ২৩২টি ডিসমিসালের পাশাপাশি প্রায় ৭ হাজার রান রয়েছে সারাহ টেলরের নামের পাশে।
সেই সারাহ এবার গড়লেন নতুন ইতিহাস। ইংল্যান্ডের প্রথম নারী হিসেবে দায়িত্ব নিলেন পুরুষ ক্রিকেট দলের। কাউন্টি ক্রিকেটের আসন্ন মৌসুমে সাসেক্স দলের সহকারী কোচ হিসেবে কাজ করবেন সারাহ টেলর। কাউন্টি ক্রিকেটের ইতিহাসে পুরুষ দলে এই প্রথম বিশেষজ্ঞ কোচ হিসেবে কাজ করবেন কোনো নারী।
তার বয়স মাত্র ৩১। ফর্ম নিয়ে কোনো চিন্তা না থাকলেও, মানসিক অবসাদের কারণে ২০১৯ সালের সেপ্টেম্বরে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে বারবারই জানিয়েছেন, ক্রিকেট থেকে পুরোপুরি বিদায় নেননি তিনি। যেকোনো সময় ফিরবেন খেলার মাঠে। এবার ফিরলেন তিনি, নতুন রূপে।
সাসেক্সের কোচিং প্যানেলে সহকর্মী হিসেবে বেন ব্রাউন, ফিল সল্টদের পাচ্ছেন সারাহ টেলর। নতুন দায়িত্বের ব্যাপারে তিনি বলেছেন, ‘সাসেক্সে খুবই প্রতিভাবান কয়েকজন উইকেটরক্ষক রয়েছে, যাদের সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছি আমি। নিজের অভিজ্ঞতা সবার সাথে ভাগ করে তাদের কাছ থেকে সেরা বের করে আনাই মূল চ্যালেঞ্জ। আমি বিশ্বাস করি বেসিক ঠিক রেখে সবকিছু স্বাভাবিকভাবে করলেই সাফল্য পাওয়া সম্ভব।’
সহকারী কোচ হিসেবে নিয়োগ দেয়া হলেও, সারাহর মূল দায়িত্ব যে থাকবে উইকেটকিপিংয়ের ওপর- তা আর বলার অপেক্ষা রাখে না। ইংল্যান্ডের হয়ে ২২৬ ম্যাচ খেলে তার ডিসমিসাল ২৩২টি। ব্যাট হাতেও করেছেন প্রায় ৭ হাজার রান। এ অভিজ্ঞতার পাশাপাশি খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্যের বিষয়েও বড় ভূমিকা রাখতে পারবেন সারাহ।
২০১৯ সালে মানসিক অবসাদের কারণে আকস্মিক অবসর নেয়ার পর ইস্টবোর্নে একটি স্কুল দলের খেলাধুলা ও জীবন বিষয়ক শিক্ষকতার চাকরি নিয়েছিলেন সারাহ। চলতি বছরের জানুয়ারিতে সাসেক্সের মানসিক স্বাস্থ্য বিষয়ক বিশেষ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। সাসেক্সের হয়ে প্রায় ১৫ বছর খেলেছেন সারাহ।
