এস এম আলম, ১৯ মার্চঃ মুজিব জন্ম শতবর্ষ এবং স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর উদ্যোগে উৎসব মুখোর পরিবেশে পাবনায় শুরু হয়েছে মাসব্যাপী বই মেলা ও সপ্তাহব্যাপী পুস্তক প্রদর্শনী। সন্ধ্যায় অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী মিলনাতনে পুস্তক প্রদর্শনী এবং বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে বই মেলার উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক মো: কামরুজ্জামান।

পরে অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর সভাপতি ও স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক কবির মাহমুদ, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম, মেলা উদযাপন পরিষদের সভাপতি শিবজিত নাগ ও লাইব্রেরীর মহাসচিব আব্দুল মতীন খান। উদ্বোধনী অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে ঈশ্বরদীর দরিদ্র প্রতিবন্ধী যুবক হিরক আহমেদ ১২০ ফুট আয়তনের বিশাল কেক তৈরি করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুয়ায়ী তাঁর পক্ষ থেকে এক লক্ষ এক টাকার একটি চেক ও ক্রেষ্ট বিতরন করেন বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী।

এছাড়া মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে অন্নদাগোবিন্দ পাবলিক লাইব্রেরীতে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরনও করা হয়। পরে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

মেলায় ৩১ টি স্টলে বিভিন্ন দেশী বিদেশী বই প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। অন্যদিকে পুস্তক প্রদর্শনীতে প্রায় ৭শত বছরের প্রাচীন গ্রন্থ সহ দুর্লভ সব পুস্তক প্রদর্শন করা হচ্ছে।
