এস এম আলম, ২৫ আগস্ট: পাবনা শহরের দিলালপুর এলাকায় একই পরিবারের তিনজনকে হত্যার দায়ে তানভীর হোসেন নামের মসজিদের এক ইমাম কে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত। সোমবার পাবনার অতিরিক্ত দায়রা জজ আদালত-৩ এর বিচারক তানবীর আহমেদ এই ঐতিহাসিক রায় ঘোষনা করেন। রায় ঘোষনার সময় অভিযুক্ত আসামী আদালতে উপস্থিত ছিলেন। এজাহার সূত্রে আদালতের পাবলিক প্রসিকিউটার গোলাম সরোয়ার খান জুয়েল জানান, পাবনা শহরের দিলালপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন আব্দুল জব্বার, তার স্ত্রী ছুম্মা বেগম ও তাদের পালিত কণ্যা সানজিদা জয়া। পাস্ববর্তী ফায়ার সার্ভিস মসজিদের ইমাম তানভীর হোসেনের সাথে তাদের সু-সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক এমন পর্যায় গড়ায় আব্দুল জব্বার ও ছুম্মা বেগম মসজিদের ইমাম তানভীর হোসেনকে সন্তান হিসাবে পরিচয় দিতেন। ঘটনার দিন ২০২০ সালের ৩১ মে রাতে অভিযুক্ত তানভীর হোসেন তার গ্রামের বাড়ি নওগাঁ থেকে এসে আব্দুল জব্বারের বাসায় রাত্রে থাকেন। রাতে এক সময় অভিযুক্ত তানভীর হোসেন আব্দুল জব্বার, ছুম্মা বেগম ও তাদের পালিত কণ্যা সানজিদা জয়াকে হত্যা করে ঘরে থাকা টাকা,স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ তদন্ত শেষে তানভীর হোসেনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। আদালত স্বাক্ষ্য প্রমান শেষে প্রত্যক কে হত্যার জন্য আলাদা আলাদা ভাবে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড এবং চুরির জন্য ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন।

