এস এম আলম, ৩০ সেপ্টেম্বর: পঞ্চমীতে বোধন এবং ষষ্ঠী তিথিতে আমন্ত্রণ-অধিবাস ও ষষ্ঠীবিহিত পূজার মধ্যদিয়ে শুরু হওয়া সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী ও কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। ঢাকের বাদ্য, কাঁসর ঘণ্টা আর শঙ্খধ্বনিতে দেবীর আরাধনার মাধ্যমে হিন্দু ধর্মাবলম্বীরা পালন করেন দুর্গোৎসবের মহাঅষ্টমী ও কুমারী পূজা। অষ্টমীর সকালে দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, পু®পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পাবনার শ্রী শ্রী জয়কালি বাড়ি, মা মন্দির, রামকৃষ্ণ সেবাশ্রম সহ সকল মন্দির গুলোতে পূজা অর্চনা করেন ভক্তরা। বিকালে শ্রী রামকৃষ্ণ সেবা আশ্রমে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন দুর্গাপূজা পরিচালনা কমিটি শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম অচিন্ত কুমার ঘোষ সহ ভক্তবৃন্দ। অষ্টমী তিথির এ পূজায় দেবীর ৯টি শক্তিকে উৎসর্গ করে নয়টি পাত্রে বিভিন্ন রঙের পতাকা স্থাপন করা হয়। পূজা শেষে দেবী দুর্গাকে পুষ্পাঞ্জলি প্রদান করা হয়।

